রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২৫৩১ মামলা, সবচেয়ে বেশি ওয়ারীতে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৫৩১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৯২টি গাড়ি ডাম্পিং এবং ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী বিভাগে। এ বিভাগে ৪৯০টি মামলা করা হয়েছে। এ ছাড়া গুলশান বিভাগে ৪৬৪টি, উত্তরা বিভাগে ৩৯৭, মিরপুর বিভাগে ৩৭৮, মতিঝিল বিভাগে ৩১৭, তেজগাঁও বিভাগে ২৩২, লালবাগ বিভাগে ১৫৭ এবং রমনা বিভাগে ৯৬টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলার মধ্যে রমনায় নয়টি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ড ভ্যান, ছয়টি সিএনজি ও ২২টি মোটরসাইকেল রয়েছে। লালবাগে ১০টি বাস, ৮টি ট্রাক, ৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
মতিঝিলে ৩০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেল; ওয়ারীতে ৫৪টি বাস, ৪০টি ট্রাক, ৩৫টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁওয়ে ১২টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেল; মিরপুরে ২০টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেল; উত্তরা বিভাগে ২৮টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
গুলশান বিভাগে ৪১টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









