
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমি অন্য উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব পালনকালীন সিদ্ধান্ত, নথি, দাপ্তরিক কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছু তথ্য পেতে বিলম্ব হওয়ার কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ফের চিঠি দিয়েছে দুদক।
দুদকের মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রায় ৪০ একর জমি অধিগ্রহণ করে। সরকারি গেজেটেও স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, ওই জমি প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। কিন্তু পরবর্তীকালে সেই উদ্দেশ্য থেকে সরে গিয়ে জমিটি সরকারি কর্মচারীদের আবাসন নির্মাণের জন্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, পুনর্বাসনের জন্য নির্ধারিত জমিতে ক্ষতিগ্রস্তদের জন্য ফ্ল্যাট নির্মাণ না করে সরকারি কর্মকর্তাদের ৯৯ বছরের লিজের ভিত্তিতে আবাসন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারি গেজেটের শর্ত লঙ্ঘিত হওয়ার পাশাপাশি প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য পুনর্বাসন থেকে বঞ্চিত করা হয়েছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের অনিয়মিত ব্যবহারের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে বলেও দুদকের অভিযোগ।
এ সব অভিযোগের অনুসন্ধান শেষে গত বছর ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলায় অভিযোগ বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি সিদ্ধান্ত ও নীতিমালা উপেক্ষা করে অধিগ্রহণ করা জমির উদ্দেশ্য পরিবর্তন করেন এবং সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য তা ব্যবহারের সুযোগ করে দেন। বর্তমানে সেই মামলার তদন্ত চলছে।
এ দিকে একই দিনে দুদক কার্যালয়ে হাজির হন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। মেট্রোরেল প্রকল্পে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদক কর্মকর্তারা বলছেন, বড় অবকাঠামো প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মামলায় প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিরূপণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে