Ajker Patrika

দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসেই সড়কের ৩০ মিটার ধস

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসেই সড়কের ৩০ মিটার ধস
দাউদকান্দিতে সড়ক সংস্কারের ছয় মাসের মধ্যেই ৩০ মিটার ধসে গেছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসের মধ্যেই শহীদনগর-সুন্দলপুর সড়কের প্রায় ৩০ মিটার অংশ ধসে ও ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের পাশাপাশি সড়ক ভাঙার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, শহীদনগর-সুন্দলপুর সড়কটি এ অঞ্চলের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক ব্যবহার করে বিভিন্ন এলাকার মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা যাতায়াত করেন। সম্প্রতি ষোলপাড়া অংশে সড়কের এক পাশে ভাঙন দেখা দেয়। পরে ধীরে ধীরে ভাঙনের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ছয় মাস আগে সড়কটির সংস্কারকাজ শেষ হয়। অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়ায় কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা রবিউল সরকারের অভিযোগ, সড়কের পাশের একটি পুকুর থেকে পানি সেচের সময় মাটি সরে যেতে থাকে। একপর্যায়ে সড়কের নিচের মাটি দুর্বল হয়ে ভাঙন শুরু হয়। তবে সড়কটির এমন ভাঙনের পেছনে শুধু পানি সেচই দায়ী কি না, তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সিএনজি চালক জনি মিয়া বলেন, ‘সময়মতো ব্যবস্থা নিলে হয়তো ভাঙন ঠেকানো যেত। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতে এ ঝুঁকি আরও বেড়ে যায়। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা না হলে ভাঙন বেড়ে পুরো যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুকুরের পানি সেচের কারণে সড়কের ক্ষতি হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত