Ajker Patrika

ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর

কুমিল্লা প্রতিনিধি
ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর
কুমিল্লার সিনিয়র সিভিল জজ আদালতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বিএনপি নেতা (বহিষ্কৃত) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সিদ্ধান্তের জন্য নির্বাচনের পর সময় নির্ধারণ করেছে।

আজ বুধবার কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসুমের আদালতে তিনি সশরীরে হাজির হয়ে এ জবাব দাখিল করেন।

এর আগে গতকাল মঙ্গলবার তাফরিমা তাবাসুম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে মুন্সীকে আজ বেলা আড়াইটার মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ জানান, তাঁর মক্কেল একজন বয়োজ্যেষ্ঠ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। অভিযোগে উত্থাপিত বক্তব্য তিনি দেননি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর বা তাঁর সমর্থিত কোনো ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনজীবীর ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। ভিডিওটির সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষা ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

এ বি এম হামিদুল মিসবাহ আরও জানান, আদালতে তাঁদের বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট বিষয়টি নির্বাচনপরবর্তী সময়ে নির্ধারণ করেছেন। এ ছাড়া মুন্সীর বিরুদ্ধে আগের কিছু অভিযোগের প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে ‘ট্রাক’ প্রতীকের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্য দলকে ভোট দিলে তাঁকে ছাড় দেওয়া হবে না এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, এ বক্তব্য ভয় দেখানোর জন্য নয় এবং এটি রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেও তাঁর কোনো আপত্তি নেই।

ভিডিওতে আরও শোনা যায়, তিনি ভোটারদের উদ্দেশে নিজেকে অপমানিত না করার আহ্বান জানিয়ে ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান এবং বিএনপিকে সরকার গঠনে সহায়তার আহ্বান জানান।

এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি মূলত কথার কথা ছিল। উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় গভীর রাতে। আমি সকাল ৯টা থেকে সারা দিন নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছি। অত্যন্ত ক্লান্ত অবস্থায় কথার কথা বলতে গিয়ে এমন বক্তব্য চলে এসেছে। এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না। কেউ কেউ বিষয়টি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পান মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। এ বিষয়ে করা রিট হাইকোর্টে খারিজ হলে আসনটি কার্যত বিএনপির প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরে গণঅধিকার পরিষদের ট্র্যাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

জেএসসির সঙ্গে বৃত্তিও বাতিল, নবমে বিভাগ বিভাজন নয়

‘ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ’

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত