Ajker Patrika

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৯: ৪৯
কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২
সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের রামুতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিনা বেগম (৪২)। নিহত অপর যুবকের পরিচয় জানা যায়নি। আহত দুজনও অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, বিকেলে মধ্যম খুনিয়াপালং এলাকায় কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চালকসহ তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত