
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চলছে চরম জনবলসংকট। চিকিৎসকের অর্ধেকের বেশি পদই খালি। অন্যদিকে ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে তিন শতাধিক। ফলে সেবাদান কার্যক্রম চলছে খুঁড়িয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটি ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। সে অনুযায়ী বর্তমানে ওষুধ ও খাবার বরাদ্দ দেওয়া হলেও বাড়ানো হয়নি জনবল। এখন সেই জনবলেও ঘাটতি চলছে। একের পর এক চিকিৎসক বদলির কারণে সেবাদান স্থবির হয়ে পড়েছে। এখানে চিকিৎসকের ২২টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে ৯টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৮টি পদও ফাঁকা।
হাসপাতালটিতে প্রতিদিন অন্তবিভাগে তিন শতাধিক ও বহির্বিভাগে সহস্রাধিক মানুষ চিকিৎসা নেয়। গতকাল শনিবার এখানে ভর্তি ছিল ৩২৯ জন। তারাসহ বহির্বিভাগের রোগীরা জনবলসংকটে যথাযথ চিকিৎসা পাচ্ছে না।
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের আব্দুর রশিদ বলেন, ‘দীর্ঘ পথ পাড়ি দিয়ে সদর হাসপাতালে এসে জানতে পারি এখানে কোনো চক্ষু বিশেষজ্ঞ নেই। বেসরকারি ক্লিনিকেও তো খরচ বেশি, কোথায় দেখাব।’
আরেক চিকিৎসাপ্রার্থী জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের বাবুল মণ্ডল বলেন, ‘মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে এসেছিলাম। আসার পর জানলাম, ডাক্তার নেই, ঢাকায়। এই একজনই নাকি মেডিসিনের ডাক্তার ছিলেন, তাও তিনি বদলি হয়েছেন। আমাদের কী হবে? এখন দেখছি, খুলনা-রাজশাহী দৌড়াতে হবে।’
দামুড়হুদা উপজেলার আরাফাত হোসেন বলেন, ‘আমার বাবার এখানে অপারেশন করানোর কথা ভেবেছিলাম। এখন শুনছি, অ্যানেসথেটিস্ট নেই, তাই অপারেশন বন্ধ। এভাবে চললে আমাদের মতো নিম্ন আয়ের মানুষ সেবা নেবে কোথায়? সরকার কি এই জেলার মানুষকে দেখে না। এই জেলার মানুষ কি নাগরিক নয়?’
এই সংকট দূর করার দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম। তিনি বলেন, ‘এটি জেলা সদরের হাসপাতাল। এই হাসপাতালের ওপর জেলার ৯৯ শতাংশ মানুষ নির্ভরশীল। অথচ দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট, জনবলসংকট চলছে। এটা এই জেলার মানুষের ভোগান্তি। নাগরিক অধিকার সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। ৩০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন হয়েছে। পর্যাপ্ত জায়গা রয়েছে। চিকিৎসক নিয়োগ দিলে জেলার মানুষ পূর্ণ চিকিৎসাসেবা পাবে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।’
চিকিৎসকের শূন্য পদ নিয়ে কথা হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ‘সাংঘাতিক মুশকিলে আছি। জেলা সদর হাসপাতাল খালি রেখে উপজেলায় নিয়ে যাচ্ছে, অথচ কোনো রিপ্লেস দিচ্ছে না। একটি অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্টের ওপর আরও চারটা ডিপার্টমেন্ট নির্ভর থাকে। এই চারটা ডিপার্টমেন্টের কাজকর্ম হচ্ছে না। আমরা একাধিকবার মন্ত্রণালয়ে লিখেছি। এখন পাঁচটি কনসালট্যান্ট নেই। তার ওপর ইএমও (জরুরি চিকিৎসা কর্মকর্তা) নেই। স্টাফ আছে ৫০ বেডের। কিন্তু মৃত্যু, অবসর মিলিয়ে এখন ৫০ বেডের স্টাফও পরিপূর্ণ নেই। অথচ রোগীর চাপ ২৫০ বেডের বেশি। আমরা খুব কষ্টে চালাচ্ছি।’
যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে পদগুলো পূরণ এবং হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রমসহ সব কিছু স্বাভাবিক হবে।’

বরিশাল নগরের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ মার্চ) দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের...
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন শ্রমিক দল নেতা। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু এই নোটিশ পান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ও তার বাবাকে অপহরণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকায় স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করে।
২ ঘণ্টা আগে