Ajker Patrika

প্রেমিকার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত, ভিডিও কলে রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২১: ৪৫
প্রেমিকার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত, ভিডিও কলে রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা
নিহত প্রবাসী সাইফুল ইসলাম শামীম। ছবি: সংগৃহীত

চার বছরের প্রেমের সম্পর্কে ভাঙন এবং প্রেমিকার অন্যত্র বিয়ের প্রস্তুতির খবর মেনে নিতে না পেরে মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামের এক প্রবাসী যুবক। পরিবারের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে শামীমের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন তাঁর প্রেমিকা। মৃত্যুর আগে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কর্মস্থলে গলায় ফাঁস নেন শামীম।

নিহত শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নুর আলমের ছেলে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে মালয়েশিয়ায় কর্মস্থলে এ ঘটনা ঘটে। মৃত্যুর নয় দিন পর আজ শনিবার ভোরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

স্বজনেরা জানান, প্রায় চার বছর আগে চুয়াডাঙ্গার এক তরুণীর সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে নিয়মিত টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিতেন বলে অভিযোগ পরিবারের। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শামীমকে আংটিও পরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি তাঁদের।

তবে কিছুদিন আগে শামীম জানতে পারেন তাঁর প্রেমিকা অন্য এক যুবককে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি স্বজনদের। পরে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শামীমের দুলাভাই আসাদুজ্জামান বলেন, ‘শামীম খুবই সাদাসিধে স্বভাবের ছেলে ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সম্পর্কের এমন পরিণতি এবং অর্থ হারানোর বিষয়টি সে মেনে নিতে পারেনি।’

শামীমের ভাগনে তুহিন আহমেদ বলেন, ‘মেয়েটি আমার মামার জীবন কেড়ে নিয়েছে। মামার ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে পেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি বিদেশের। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত