
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে থেকে প্রতারক এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ৯৬০টি ইয়াবাও জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহামুদাবাদ এলাকার বাসিন্দা মমতাজ বেগম (৪৪) ও তাঁর স্বামী মুজিবুর রহমান (৪৬)।
র্যাব জানান, মমতাজ নিজেকে এনএসআই চট্টগ্রামের উপপরিচালক পরিচয় দিয়ে মনজুর আলম নামে এক যুবককে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ জন্য তিনি ওই যুবকের কাছে ১২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। ওই যুবক তাঁর ভগ্নিপতি, মামা, বন্ধুসহ তিনজনকে মমতাজ বেগমের কাছে চাকরির জন্য নিয়ে যান এবং ২০২১ সালের ২২ নভেম্বর তাঁকে ৩৪ লাখ ২৫ হাজার টাকা দেন। কিন্তু তাঁদের চাকরি দিতে না পারায় তাঁরা মমতাজ বেগম ও তাঁর স্বামীর কাছে গিয়ে টাকা ফেরত চান। মমতাজ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন তিনি এনএসআইয়ের কোনো কর্মকর্তা নন।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, তাঁরা দুজনই এনএসআইয়ের পরিচয় দিতেন। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়ার পরেই এনএসআই সদস্যদের সহায়তায় পৌর সদরের প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁরা এভাবে কয়েক কোটি টাকা হাতিয়েছেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার জানান, র্যাবের হাতে গ্রেপ্তার ওই প্রতারক দম্পতির মধ্যে মমতাজ বেগমের কাছ থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা পরিচয়সহ শতাধিক পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। র্যাবের দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দম্পতিকে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
২ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৩ ঘণ্টা আগে