Ajker Patrika

২৪ ঘণ্টায় চবির দুই শিক্ষার্থীর মৃত্যু, শোকস্তব্ধ ক্যাম্পাস

চবি প্রতিনিধি 
২৪ ঘণ্টায় চবির দুই শিক্ষার্থীর মৃত্যু, শোকস্তব্ধ ক্যাম্পাস
ক্যানসারে মারা যাওয়া অনিক। ছবি: সংগৃহীত

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী মারা গেছেন। আজ রোববার দুপুরে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা গেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম (২৪)। আর ক্যানসারের সঙ্গে তিন বছর লড়াই করে চাঁদপুরের নিজ বাড়িতে মারা যান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী অনিক চন্দ্র দাস (২৪)। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুরের নিজ বাড়িতে মারা যান আইইআরের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস। দীর্ঘ তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন অনিক। চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

অন্যদিকে, কাপ্তাইয়ের সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার সময় তলিয়ে যান সাজিদ শাহারিয়ার সানম। রোববার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ডুবুরি দল।

পুলিশ জানায়, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসে। স্থানীয় গাইডের সঙ্গে দলটি সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যায়। পাহাড়ে ঘোরাঘুরি শেষে বিকেলের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তাঁরা। এ সময় স্রোতের টানে সাজিদ গভীর পানিতে তলিয়ে যান।

কাপ্তাই থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। পরে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।

সাজিদ শাহারিয়ার সানম। ছবি: সংগৃহীত
সাজিদ শাহারিয়ার সানম। ছবি: সংগৃহীত

নিহত সাজিদ নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

সাজিদের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ‘আমরা নয়জন সকালে কাপ্তাইয়ের সীতা পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যে সাজিদ পানিতে পড়ে যায়। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা তাঁর নিখোঁজের খবর পেয়েছি। আমরা শোকাহত। তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা। ডুবুরি দল সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে নদী থেকে তাঁর লাশ তুলে এনেছে বলে জানা গেছে।’

দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং উপ-উপাচার্যদ্বয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘মাত্র এক দিনের ব্যবধানে আমরা বিশ্ববিদ্যালয়ের দুজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা খুবই শোকাহত। বিশ্ববিদ্যালয় পরিবার তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছে। পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।’

এর আগে চলতি মাসের ৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থী মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে গত ১২ দিনে তিন শিক্ষার্থীকে হারাল চবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত