নোয়াখালীর হাতিয়া

ঘাটে নেই চিরচেনা হাঁকডাক। চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান। পাওয়া যাচ্ছে না বরফ ভাঙার আওয়াজ। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার—সবাই ঝিমিয়ে আছেন। চোখেমুখে হতাশার চাপ। কারণ, শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে। নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ২০টি বড় ঘাটে এখন এই মন্দা অবস্থা চলছে।
ইলিশ শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশের ভরা মৌসুম। চলবে আগস্ট পর্যন্ত। প্রতিবছর এ সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা নদীতে রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করেন। এখানকার নিঝুম দ্বীপ, বন্দরটিলা, সুইজের ঘাট, মোক্তারিয়া, দানারদোল, সূর্যমুখী, কাজিরবাজার, বাংলাবাজার, চেয়ারম্যান ঘাটসহ বড় ২০টি ঘাটের ছোট-বড় প্রায় ১০ হাজার জেলে নৌকা নদীতে বিচরণ করে ইলিশ ধরতে।
জেলেরা জানান, এ বছর জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিন প্রায় শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাঁদের। মৌসুমের প্রায় অর্ধেক সময় চলে গেলেও এখনো লাভের মুখ দেখেননি তাঁরা। নদীতে নামতে গিয়ে দিন দিন দেনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
সূর্যমুখী ঘাটের দক্ষিণে খালপাড়ে বসে ছিলেন সবুর আলী (৫৫)। বাড়ি ভোলার দৌলতখানে। ভালো মাছ পাওয়ার আশায় গত সপ্তাহে এখানে এলেও এখনো সেই আশা পূরণ হয়নি। সবুর জানান, প্রতিদিন দেনা করে নদীতে গেলেও শূন্য হাতে ফিরতে হয়। এ কারণে গত চার দিন নদীতে না গিয়ে ঘাটে বেকার বসে আছেন। বাড়ি থেকে আসার সময় সংসার খরচ চালানোর জন্য এক টাকাও দিয়ে আসতে পারেননি। পরিকল্পনা ছিল, নদীতে মাছ ধরে বাড়িতে টাকা পাঠাবেন। এখন সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
সবুরের মতো অনেকে নদীতে না গিয়ে ঘাট এলাকায় বেকার সময় কাটাচ্ছেন। আব্দুর রব মাঝি জানান, তাঁর ইঞ্জিনচালিত নৌকায় আটজন কাজ করেন। মাছ না পাওয়ায় তিনি ইতিমধ্যে দেড় লাখ টাকা দেনার মধ্যে পড়ে গেছেন। তাঁর দুই লোক কাউকে কিছু না বলে গোপনে চট্টগ্রাম চলে গেছেন। এখন নৌকাটি ঘাটে পড়ে আছে।
রব মাঝির তথ্য অনুযায়ী, সূর্যমুখী ঘাটে স্থানীয় ও বাইরের মিলিয়ে ৫ শতাধিক ট্রলার রয়েছে। দিনে ৩০-৪০টি ট্রলার নদীতে যায়। মাছ না থাকায় অন্যরা ঘাটে বেকার সময় পার করছেন।
ঘাটের শ্রমিক সর্দার নূর ইসলাম জানান, তাঁর অধীনে ৮৫ শ্রমিক কাজ করেন। কোনো নৌকা বা ট্রলার ভিড়লে তাঁরা সেখান থেকে মাছ টুকরিতে করে নিলামের বাক্সে এনে দেন। প্রতিদিন যে টাকা পান তা ভাগ করে নেন ৮৫ জন। এ বছর প্রতিদিন কাজ শেষে ভাগে প্রত্যেকে ৩০-৪০ টাকা করে পাচ্ছেন। এতে নিজেদের চা-নাশতার খরচই হচ্ছে না। সংসার চলছে দেনা করে।
এ নিয়ে কথা হলে সূর্যমুখী ঘাট মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান নান্টু বলেন, ‘১৯৯৩ সাল থেকে আমি মাছ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এই বছরের মতো এত কঠিন অবস্থা আর কখনো দেখিনি। মৌসুমের প্রথম থেকেই মাছ নেই। অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে গেছেন। ঘাটে পড়ে থাকা অসংখ্য নৌকার জেলেরা পালিয়ে গেছেন। ঘাটে সবার মুখে হতাশা।
শুধু সূর্যমুখী ঘাটে নয়, একই অবস্থা হাতিয়ার ২০টি ঘাটে। মাছ ব্যবসার সঙ্গে জড়িত সবাই অনেকটা দেউলিয়া হয়ে পড়েছেন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ভরা মৌসুমে ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও নদীতে ডুবোচর ও জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি জানান, কলকারখানার বর্জ্য নদীতে আসায় সেখানে মাছের বিচরণ অনিরাপদ হয়ে উঠেছে। এ জন্য নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করছেন, মৌসুমের সামনের সময়গুলোতে আশানুরূপ ইলিশ পাওয়া যাবে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
৩৫ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে