Ajker Patrika

সেন্ট মার্টিনের দক্ষিণে বিকল মাছ ধরার নৌকাসহ ১৩ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১০
সেন্ট মার্টিনের দক্ষিণে বিকল মাছ ধরার নৌকাসহ ১৩ জেলেকে উদ্ধার
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: আজকের পত্রিকা

সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি মাছ ধরার নৌকাসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১৩ জন জেলে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এফভি রিফাত। মাছ আহরণ শেষে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার পথে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে নৌকাটি সেন্ট মার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

এ সময় নৌকায় থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, গভীর সমুদ্রে টহলে থাকা জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সেন্ট মার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা নৌকাটি শনাক্ত করা হয়। পরে নৌকাসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা জেলেদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত