
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগের গোপনীয়তা ফাঁসের অভিযোগ এনে বিভাগের সভাপতি শাসননান্দ বড়ুয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে বিভাগের সভাপতির দাবি, তাঁকে হয়রানির উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুককে আহ্বায়ক ও সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীনকে সদস্য করা হয়েছে।
আজ মঙ্গলবার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত। সভাপতি নাকি সিলেকশন বোর্ডের গোপনীয়তা ফাঁস করেছেন। তিনি নাকি সিলেকশন বোর্ডে অসদাচরণ করেছেন। সিন্ডিকেট উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের জন্য ক্ষমতা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে দুটি প্রভাষক পদে নিয়োগের জন্য গত ১৩ মার্চ নির্বাচনী বোর্ডের সভা বসে। উপাচার্যের সভাপতিত্বে সভায় বিভাগের সভাপতি শাসননান্দ বড়ুয়া পদাধিকার বলে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
সিলেকশন বোর্ড বিভাগের পরিকল্পনা কমিটিতে দুটি তথ্য জালিয়াতির অভিযোগে দুই-দুইবার বাদ দেওয়া প্রার্থী অভি বড়ুয়াকে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করে। এ সময় বিভাগের সভাপতি এতে আপত্তি জানান। পরবর্তী সময়ে তিনি এই বিষয়ে দ্বিমত জানিয়ে বোর্ড সভাপতি ও উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারকে চিঠি দেন।
সহকারী প্রক্টর অরুপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়া আবেদনপত্রে তিনি এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম বলে উল্লেখ করেন। পরবর্তী সময়ে বিভাগের পরিকল্পনা কমিটি আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর দেখেন তিনি প্রথম শ্রেণিতে প্রথম হননি। তাই পরিকল্পনা কমিটি তথ্য গোপন ও ভুল তথ্য প্রদানকে ‘জালিয়াতি’ উল্লেখ করে আবেদনপত্রটি বাতিল করে।
এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদান করে। পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগ বোর্ড তাঁকে শিক্ষক নিয়োগের জন্য এক নম্বরে সুপারিশও করে। যদিও সিন্ডিকেটের ৫৪৪তম সভায় নির্বাচনী বোর্ডের সুপারিশ বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘পালি বিভাগের পরিকল্পনা কমিটি যে কারণে ওই প্রার্থীর (অভি বড়ুয়া) আবেদন বাতিল করেছে, বিভাগের সভাপতি একই কারণ নিয়ে সিলেকশন বোর্ডে দ্বিমত পোষণ করেছেন। যার ফলে সিন্ডিকেট সিলেকশন বোর্ডের সুপারিশ বাতিল করেছে। এর দ্বারা বোঝা যায়, সভাপতি সঠিক অবস্থানে ছিলেন। এ জন্য সভাপতিকে পুরস্কৃত করা উচিত ছিল। কিন্তু প্রশাসন উল্টো তাঁকে হয়রানি করছে।’
বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সভাপতি শাসননান্দ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘যে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন। মূলত আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে।’

নওগাঁ সদর উপজেলা থেকে রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি নছিমন-ভটভটি জব্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে। জব্দ করা সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ
১০ মিনিট আগে
আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়...
১ ঘণ্টা আগে
ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ২৭ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে