ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয় থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়ার একটি বাঁশঝাড় থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীরে সেটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, পাড়ার একটি বাঁশঝাড়ে অজগরটি দেখতে পান কয়েকজন স্থানীয় ব্যক্তি। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর গ্রামবাসী সাপটি উদ্ধার করে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম জিল্লুর সঙ্গে যোগাযোগ করে।
মোহাম্মদ নুরুল ইসলাম জিল্লুর সহযোগিতায় অজগরটিকে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে নেওয়া হয়। সেখানে সাপটি অবমুক্ত করা হয়।
উদ্ধার ও অবমুক্তকরণের সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারিখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









