
‘আপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে, আমরা পুলিশকে জানাব না।’ ভয়-আতঙ্কে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে ডাকাতির শিকার পরিবারের ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী মিতা বড়ুয়া।
আজ মঙ্গলবার এই প্রতিবেদক সংবাদ সংগ্রহে গেলে তিনি বিষয়টি প্রচার না করার অনুরোধ জানিয়ে এসব কথা বলেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের যোগেন্দ্র আরাম বিহারসংলগ্ন মৃত সুদর্শন বড়ুয়ার বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
চারদিকে সীমানাপ্রাচীরে ঘেরা পাকা বাড়িতে থাকেন গৃহকর্ত্রী মিতা বড়ুয়া, পুত্রবধূ ও দুই নাতি। বড় ছেলে সপরিবার ফ্রান্সে এবং ছোট ছেলে চাকরির সুবাদে চট্টগ্রামে থাকেন। অতীতে কোনো চুরির ঘটনা না ঘটলেও এবার ডাকাতির শিকার হয় পরিবারটি।
গৃহকর্ত্রী মিতা বড়ুয়া বলেন, ‘গতকাল দিবাগত রাত দেড়টার দিকে আমার কক্ষে আটজনের একটি দল ঢুকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। আমাকে তারা বলে, ওয়ান ব্যাংক থেকে যে ১ লাখ টাকা তুলে এনেছ, ওগুলো দাও। আমাদের কাছে তথ্য আছে। আমাকে কিছু বলতেও দিচ্ছে না। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল।
‘আমার ছেলের বউয়ের কক্ষেও আটজন ঢোকে। তারা আমার নাতিকে তুলে আছাড় দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাদের বললাম, যা যা লাগে নিয়ে যাও, আমার নাতিকে মারবে না। তারা সাড়ে ৩টা পর্যন্ত ঘরে অবস্থান করে। পরে আমাকে ঘর থেকে টেনে বের করে। মনে করেছিলাম মেরে ফেলবে। পরে আমার ছেলের বউয়ের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মোবাইলগুলো নিয়ে চলে যায়।
‘যাওয়ার সময় বলে, পুলিশকে জানালে পরে এসে মেরে ফেলব। আমার ছেলে ঘরে থাকলে তাকে মেরে ফেলত তারা। পরে ভোররাত ৪টার দিকে জানালা দিয়ে বিহারের ভান্তেকে ডেকে বলি, আমার ঘরে ডাকাত পড়েছে। আমার ভাই, মেয়ের জামাইকে একটু খবর দিন।’
ডাকাত দল কী নিয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরে ডাকাত ঢুকলে কি খালি হাতে যায়? কী নিয়েছে, তা আমি বলব না। পুলিশকেও জানাব না।’
গৃহকর্ত্রীর ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোনের ঘরে কোনো পুরুষ নেই। আগে কখনো চুরি-ডাকাতি হয়নি। এবার ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ নানা জিনিস নিয়ে গেছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে আসা পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বলেন, একলা ঘরে ডাকাত ঢুকে নানা জিনিসপত্র নিয়ে যায়। কী কী নিয়েছে, তা গৃহকর্ত্রী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করছেন। পরবর্তী ডাকাতি ও জীবনের নিরাপত্তার ভয়ে তাঁরা পুলিশ কেস করবেন না।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের কাছে কেউ মৌখিক কিংবা লিখিতভাবে অভিযোগ করেননি। এইমাত্র আপনার কাছ থেকে সংবাদ পেয়েছি। আমাদের পুলিশের একটি দলকে ঘটনা পরিদর্শন এবং তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।’

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা মালিকবিহীন পণ্য জব্দের পর তা রাখা হয়েছিল কাস্টমসের গুদামে। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কথা বলে সেখান থেকে বের করা হয় সেসব পণ্য। পথে সেগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ মিনিট আগে
কুমিল্লার লালমাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় এক বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ৩ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৩ মিনিট আগে
‘চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।’
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই দণ্ডাদেশ দেন।
২ ঘণ্টা আগে