Ajker Patrika

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ২৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের বিদায়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে দাফন করা হয়েছে। আজ সোমবার বেলা ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং থানা-পুলিশের একটি দল। মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধাও জানানো হয়।

বালিথুবা উচ্চবিদ্যালয় মাঠে জানাজায় ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরিফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ।

জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।

গত শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহম্মদ শফিকুর রহমান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগের দিন শুক্রবার রাতে বনানীর নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

শিক্ষাজীবনে তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুহম্মদ শফিকুর রহমান পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা নেন। তিনি পরপর দুবার ২০১৫-২০১৮ মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যও ছিলেন।

জীবদ্দশায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মুহম্মদ শফিকুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত