
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হট্টগোলের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তাঁর সমর্থকেরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় কয়েক শ সমর্থক তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের কয়েকজন এ সময় রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন ফারহানা। তখন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন বিএনপির কিছু নেতা-কর্মী। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান রুমিন ফারহানা। একই সময়ে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শহীদ মিনারের আশপাশে হট্টগোল সৃষ্টি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়।
এই ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন ব্যরিস্টার রুমিন ফারহানা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য হিসেবে শহীদ মিনারে আমারই প্রথম ফুল দেওয়ার কথা, কিন্তু আমার সমর্থকদের ওপর হামলা করা হয় এবং আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়।’
এই ঘটনায় বিএনপিকে দায়ী করে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ১৭ বছর পর ক্ষমতায় এসেছে। বিএনপি যদি লোকাল পর্যায়ে তাদের দলীয় নেতা-কর্মীদের কন্ট্রোল করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।’
এর পরপরই এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় রুমিন ফারহানার কয়েক শ সমর্থক লাঠিসোঁটা হাতে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সরে দাঁড়ান। তবে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাত দেড়টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর জানান, শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাপারে তাঁদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে তাঁদের দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে বলে জানান তিনি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট।

মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
২ মিনিট আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
৪ মিনিট আগে
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে।
৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ শেষ হয়েছে দুই বছর আগে। এই প্রকল্পে ব্যয় ৪৭৫ কোটি টাকা। তবে বছর না যেতেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং সড়ক দেবে গর্তের মতো হয়েছে।
৪০ মিনিট আগে