পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক পকেটমারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারী নামের ২৮ মামলার আসামি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামি রতন ব্যাপারী (২৯) উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় ৪-৫ জন ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাঁদের মধ্য থেকে রতনকে ধরে ফেললে তাঁর সঙ্গে থাকা লোকজন ও আশপাশের আত্মীয়স্বজন পুলিশের ওপর চড়াও হন এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের এএসআই উজ্জ্বল আহত হন।
ইব্রাহীম আলী আরও বলেন, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।









