Ajker Patrika

২১ ওয়ার্ড নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
২১ ওয়ার্ড নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম এই সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ২১টি।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা গতকাল বৃহস্পতিবার রাতে নতুন এই সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গত ৭ মে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে।

উত্তরে ৩নং নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫নং রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬নং শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১নং আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২নং মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩নং মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২নং সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫নং রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২নং মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১নং ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪নং এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালার বিধান মোতাবেক বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল।

উক্ত নির্দেশ অনুযায়ী বগুড়া জেলার জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন।

ফলে সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করে বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত