
বরিশালে একটি ভাড়া বাসা থেকে এক আইনজীবীর সহকারীর (মুহুরি) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার পর বাসায় তালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। ইছাকাঠি এলাকার আহসান হাবিবের বাড়িতে স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ ও ঝগড়া ছিল নিয়মিত ঘটনা। গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁদের এই কলহ চরম আকার ধারণ করে। রাতে কোনো একটা অঘটন ঘটেছে এমন সন্দেহে আজ ভোরে প্রতিবেশীরা এগিয়ে যান। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর নুরুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পায়।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নুরুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী নাসিমা বেগম বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছেন।
ওসি আরও জানান, এ দম্পতির দুই সন্তান ঢাকায় থাকেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নোয়াখালীর মাইজদীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণের অভিযোগ উঠেছে। ছাত্রীর মায়ের দাবি, আদালত থেকে ফেরার পথে রনির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়ে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
৫ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে মশক নিধনের জন্য আনা ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ১৫ শতাংশ মশার লার্ভাও মরেনি। ফলে সেই ওষুধ ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক।
৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের অন্তত চারটি স্থানে মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১২ মিনিট আগে
প্রায় ছয় মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস প্রাপ্তি ও কারিগরি ত্রুটি কাটিয়ে মঙ্গলবার সকালে উৎপাদনে ফেরে সিইউএফএল। গত আড়াই বছরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটিতে অন্তত ছয় দফা বন্ধ হয়েছে কারখানাটি।
২০ মিনিট আগে