Ajker Patrika

জনবান্ধব ইউএনওর বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জনবান্ধব ইউএনওর বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার সকাল থেকে এ দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো উপজেলা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল সোমবার বরিশাল বিভাগীয় কমিশনার মো. আলী সুজাকে পটুয়াখালী সদরের ইউএনও হিসেবে বদলির আদেশ দেন।

বিক্ষোভকারীদের দাবি, একজন সৎ, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে আলী সুজা উজিরপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। এসব কাজের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদারের নেতৃত্বে উজিরপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ইচলাদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ শত শত নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার।

বক্তারা বলেন, দায়িত্ব নেওয়ার পর ইউএনও আলী সুজা উপজেলা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। গ্রামীণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন।

তাঁদের দাবি, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে। উজিরপুরে তাঁর শুরু করা উন্নয়নমূলক কাজগুলো শেষ করতে আরও কিছুদিন তাঁকে এ উপজেলায় রাখা প্রয়োজন।

এদিকে, অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সার্বিক দিক বিবেচনা করেই ইউএনও আলী সুজাকে পটুয়াখালী সদরে বদলি করা হয়েছে। সেখানে একটি অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) হচ্ছে, যেখানে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আলী সুজার মতো দক্ষ কর্মকর্তার প্রয়োজন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত