
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার ভূখণ্ডে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অংঞাথাইন তঞ্চঙ্গ্যা (২৫) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি তুমব্রু হেডম্যানপাড়ার অংক্যথাইন তঞ্চঙ্গ্যার ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঘুমধুমের তুমব্রুর বাসিন্দা অংঞাথাইন তঞ্চঙ্গ্যা মিয়ানমার সীমান্তের শূন্যরেখা (জিরোলাইন) ঘেঁষে ৩৫ নম্বর পিলারের কাছাকাছি যান। সে সময় হঠাৎ মিয়ানমার ভূখণ্ডে মাইন বিস্ফোরণের অংশ তাঁর পায়ে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস সাংবাদিকদের জানান, সীমান্তে নিরাপত্তা বাহিনীর টহল দল অংঞাথাইনকে উদ্ধার করেছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, আহত যুবককে প্রথমে পার্শ্ববর্তী কক্সবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় বিকেলে তাঁকে চট্টগ্রামে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে অংঞাথাইন তঞ্চঙ্গ্যা ও অপর এক যুবক জিরো লাইনের কাঁটাতারের বেড়া এলাকায় যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণে অংঞাথাইন তঞ্চঙ্গ্যার বাঁ পায়ের একটা অংশ উড়ে যায়।
ঘুমধুমের স্থানীয় হেডম্যান থাইনচাপ্রু সাংবাদিকদের জানান, মিয়ানমার সীমান্ত জিরোলাইনের ৩৫ নম্বর পিলারের কাছাকাছি গেলে হঠাৎ ওপারে (মিয়ানমার) মাইন বিস্ফোরণের অংশ এসে পড়লে অংঞাথাইন তঞ্চঙ্গ্যা নামে এক যুবকের পায়ের একটা অংশ উড়ে যায়। ওই ঘটনার পাশাপাশি এলাকায় একটি গরুও মারা যায় বলে জানান তিনি।
এ ঘটনার পর সীমান্তে লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকার লোকজন নিরাপদ স্থানে চলে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা লোকজনকে সীমান্তের আশপাশে যেতে দিচ্ছেন না। এ ঘটনার পর সীমান্তে বিজিবি টহল ও নজরদারি বেড়েছে বলে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।
টহলরত অবস্থায় বিজিবির কয়েকজন জওয়ান জানান, কী কারণে ওই দুই যুবক বিজিবির নিষেধাজ্ঞা সত্ত্বেও জিরো লাইনে গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। মাইন কোথা থেকে কীভাবে বিস্ফোরণ হলো, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী অথবা বিচ্ছিন্নতাবাদী আরাকান বাহিনী সীমান্তে এসব মাইন পুঁতে রেখেছে।
উল্লেখ্য, এক মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) মধ্যে লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় বেশ কয়েকটি মর্টার শেল ও গুলি এসে পড়েছে বাংলাদেশের মধ্যে। সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। গত ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুই দফায় চারটি মর্টার শেল ঘুমধুমের তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায় এসে পড়ে। তবে এসব মর্টার শেল পড়লেও সেগুলো বিস্ফোরণ না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
৫ ঘণ্টা আগে
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়ক সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক দিয়ে যানবাহনের যাত্রী ও পথচারীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে সড়কের গর্তে পানি জমে এবং কাদার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে