মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি

মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২৫০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি ফুলবাড়ী ডুবে গেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ৯ কর্মচারী সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাহাজটির মাস্টার সুজন মোল্লা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে সোমবার সকালে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয় এমভি ফুলবাড়ী। রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকার কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজটি একপর্যায়ে নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার সময় জাহাজে থাকা ৯ কর্মচারী দ্রুত সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেন বলে জানান সুজন মোল্লা। ফলে সবাই প্রাণে রক্ষা পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানিয়া শিপিং লাইনসের মালিকানাধীন এমভি ফুলবাড়ীতে প্রায় ১ হাজার ২৫০ টন কয়লা ছিল। কয়লাবোঝাই জাহাজটির ঘোড়াশাল যাওয়ার কথা ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার হয় জাহাজটি।
দুর্ঘটনার পর পশুর চ্যানেলে নৌযান চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হলেও মূল নৌপথে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, কার্গো জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় মোংলা বন্দরের মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এই চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক আছে।
ডুবে যাওয়া জাহাজটির মালিকপক্ষ দ্রুত জাহাজটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান কমডোর শফিকুল ইসলাম সরকার।









