Ajker Patrika

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৯: ২৭
রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু
রাজশাহীতে শুরু হয়েছে লিটারারি ফেস্টিভ্যাল। ছবি: আজকের পত্রিকা

সাহিত্য, শিল্প ও মানবিকতার মেলবন্ধনে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল। পদ্মা নদীর তীরঘেঁষা নগরের বড়কুঠি মুক্তমঞ্চে ও পদ্মাগার্ডেন-সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো এই আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় এই আয়োজনের পর্দা ওঠে। পদ্মাপাড়ের এই উৎসব চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

আজ সকালে ‘যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মানবিক কল্পনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সংগীত পরিবেশন করেন সন্নিধি সংগীত নিকেতনের শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি রফিক জিবরান। কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ তাঁর পরিবেশনা ও বক্তব্যে তুলে ধরেন শিল্পের শক্তি ও মানবিক অবস্থানের গুরুত্ব। সংহতি বক্তব্যে একে একে উঠে আসে সময়ের কঠিন বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন। লেখক ও গবেষক পাভেল পার্থ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী শুসমিন আফসানা, কবি মোস্তাক রহমান ও আইনজীবী মুরাদ মোর্শেদ তাঁদের বক্তব্যে যুদ্ধ এবং আগ্রাসনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও নৈতিক প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে তুলে ধরেন।

তাঁদের ভাষায়, আধিপত্যবাদী শক্তির ধারাবাহিক সহিংসতা, দখল ও শোষণের বিরুদ্ধে নীরব থাকা মানে মানবতার পক্ষ ত্যাগ করা। এই প্রেক্ষাপটে লেখক, শিল্পী ও সচেতন নাগরিকদের আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি নিপীড়িত মানুষের সংগ্রামের সঙ্গে সক্রিয় সংহতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তাঁরা স্মরণ করিয়ে দেন। বিশ্বের নানা প্রান্তে চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের কথাও উঠে আসে আলোচনায়। গাজা, ইরান, ভেনেজুয়েলা ও ইউক্রেনের মানুষের প্রতি গভীর সংহতি জানিয়ে বক্তারা বলেন, ‘এসব অঞ্চলের রক্তাক্ত বাস্তবতা শুধু ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের সম্মিলিত নৈতিক দায়বদ্ধতার অংশ।’

উৎসবের প্রথম পর্বে রাজশাহী আবৃত্তি পরিষদের অংশগ্রহণে কবিতাপাঠ দর্শকদের আবেগে ভাসায়। পাশাপাশি যুদ্ধ ও আগ্রাসনবিরোধী চিত্রাঙ্কনে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যাদের রং-তুলিতে ফুটে ওঠে প্রতিবাদ, বেদনা ও আশার প্রতিচ্ছবি। এ ছাড়া প্রাঙ্গণজুড়ে লিটল ম্যাগাজিন এবং বই ও পোস্টার প্রদর্শনী তৈরি করে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ।

উৎসবের আকর্ষণ আরও বাড়িয়েছে যুদ্ধবিরোধী ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, গান, গীতিনাট্য এবং গণনাটকের পরিবেশনা। ল্যাডলী মোহন মৈত্র ও আলো রানী মৈত্রের গীতিনাট্য পরিবেশনা এবং ‘মানবতার আদালত: সাম্রাজ্যবাদের অপরাধসমূহের বিচার’ শীর্ষক গণনাটক দর্শকদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা আয়োজকদের।

অনুষ্ঠানের প্রথম দিন পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন রাজশাহী রাইটার্স কালেকটিভের সংগঠক আতিকুর রহমান আতিক। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠক নাদিম সিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত