
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে সেনাবাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
অন্যদিকে নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানের সময় আতঙ্কে হার্টঅ্যাটাক করে মারা গেছেন বিএনপি নেতা। এ নিয়ে গতকাল রাত থেকে জীবননগর পৌর শহরে অস্থিরতা বিরাজ করছে।
মৃত ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আজ সকাল পর্যন্ত তাঁর লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে।
গতকাল রাত থেকে হাসপাতালের সামনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা বাহিনী জীবননগর উপজেলা শহরে ঝটিকা অভিযান চালায়। ওই সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনে ডাবলুর দোকান ‘হাফিজা ফার্মেসি’ থেকে তাঁকে আটক করা হয়।
আটকের প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে ডাবলুর মৃত্যুর খবর আসে। এই ঘটনায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাতেই রাস্তায় নেমে আসেন। তাঁরা চুয়াডাঙ্গা-জীবননগর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
খবর পেয়ে রাত ২টার দিকে হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। সেখানে গিয়ে তিনি বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। রাত আড়াইটার দিকে হাসপাতালের ভেতরে গিয়ে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করেন মাহমুদ হাসান। রাত ৩টার দিকে মাহমুদ হাসান হাসপাতালের বাইরে বের হন এবং নেতা-কর্মীদের আবারও শান্ত করার চেষ্টা করেন।
আজ সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন বিএনপি নেতা-কর্মীরা। এতে সড়কে কিছুটা থেমে থেমে যান চলাচল করছে।
ডাবলুর ভাই ও জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাই পুরোপুরি নিরপরাধ ছিলেন। তাঁকে যেভাবে পেটানো হয়েছে, তা অমানবিক। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যাকাণ্ড।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, এর আগেও ডাবলুর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
এদিকে এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাননি জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।
এদিকে হাসপাতাল গেটে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে দাবি করেন, নির্যাতন নয়, বরং অভিযানের মুখে ভয়ে হার্টঅ্যাটাক করে ডাবলু মারা গেছেন।
এই মৃত্যুর ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে