Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে

  • হল ও বিজ্ঞান ভবন নির্মাণ করছে রূপপুরের ‘বালিশ-কাণ্ডে’ আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড
  • ফাটল সংস্কারের পরও বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ার অভিযোগও উঠেছে
  • ভবনটির নির্মাণের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি  
রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল 
নবনির্মিত হল ভবনে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১০ তলাবিশিষ্ট ‘বিজয় ৭১’ হল ভবনে দেখা দিয়েছে ফাটল। ছবি: আজকের পত্রিকা

উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনির্মিত ১০ তলাবিশিষ্ট ‘বিজয় ৭১’ হল ভবনে। সেই ফাটল সংস্কারের পরও বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ার অভিযোগও উঠেছে। এতে ভবনটির নির্মাণমান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেরেবাংলা এ কে ফজলুল হক হল ও মন্নুজান হল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শেরেবাংলা হলের কিছু শিক্ষার্থীকে অস্থায়ীভাবে এ ভবনে স্থানান্তর করে প্রায় তিন মাস আগে। তবে নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, ১০ তলা আবাসিক হল এবং ২০ তলাবিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণ করছে রূপপুরের ‘বালিশ-কাণ্ডে’ আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আবাসিক হলটি এবং ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিজ্ঞান ভবন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবন দুটির কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। নির্মাণ চলাকালে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকের চাপায় হিমেল নামে এক শিক্ষার্থীও নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৪ সালের ৩০ জানুয়ারি হলটির মিলনায়তনের ছাদ ঢালাইয়ের সময় ধসে অন্তত ৯ শ্রমিক আহত হন।

প্রায় ২৪ হাজার বর্গমিটার আয়তনের এই আবাসিক হলে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। হলটিতে চারটি আধুনিক লিফট, একটি বড় মসজিদ ও প্রায় ৩০০ আসনবিশিষ্ট অডিটরিয়াম রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্র জানিয়েছে, ২০১৭ সালে ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য প্রথমত ৩৬৩ কোটি টাকা পাস হয়। এই প্রকল্পের আওতায় শেখ হাসিনা (প্রস্তাবিত) হল, ১০ তলাবিশিষ্ট বিজয় ৭১ হল, ১০ তলা শিক্ষক কোয়ার্টার, ২০ তলা একাডেমিক ভবন, ড্রেন নির্মাণ, শেখ রাসেল মডেল স্কুলসহ বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের পরিকল্পনা হয়।

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্র আরও জানায়, নির্মাণাধীন এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ২০২২ সালের জুন পর্যন্ত। তবে করোনা মহামারি, এক শিক্ষার্থী ও দুই শ্রমিকের মৃত্যু এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে অনেক দিন বন্ধ ছিল হল নির্মাণকাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তিন দফায় সময় বাড়ানো হয়েছে চলতি জুন মাস পর্যন্ত।

এখনো ভবনটির পুরো কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। হলটির অফিসকক্ষের কাজ এখনো চলছে। এর মধ্যেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। হলের আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক শাহরিয়ার হাসান বলেন, ‘শেরেবাংলা হলে ফাটল দেখা দেওয়ায় আমাদের অস্থায়ীভাবে এখানে স্থানান্তর করা হয়েছে। কিন্তু নতুন হলেও বিভিন্ন স্থানে ফাটল দেখা যাচ্ছে। এটি নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিফলন বলে মনে হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

শেরেবাংলা হল সংসদের নির্বাহী সম্পাদক শাহিব বিল্লাহ বলেন, ‘নিরাপত্তার জন্য আমাদের নতুন হলে আনা হয়েছে। অথচ উদ্বোধনের আগেই এ ভবনেও ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।’

বাংলাদেশ ছাত্রপক্ষ রাবি শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, ‘নতুন হলে আসার পর থেকেই বিভিন্ন স্থানে ফাটল দেখতে পাচ্ছি। এমনকি মেরামতের পরও পলেস্তারা খসে পড়ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিনহাজুল আলম বলেন, ‘ফাটলগুলো তাপমাত্রাজনিত কারণেও হতে পারে। আমরা সংশ্লিষ্ট স্থানগুলো পরীক্ষা করে দেখব। এগুলো মেরামতযোগ্য এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এসএম ওবায়দুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের কাঠামোগত নিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে না। বিম ও দেয়ালের সংযোগস্থল কিংবা প্লাস্টারের ভিন্ন অংশে এ ধরনের ফাটল দেখা দিতে পারে। ইতিমধ্যে প্রকৌশলীদের একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত