Ajker Patrika

ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২২: ১২
ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা বাজারে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে ফুলহারা বাজারে এই কর্মসূচি হয়। এতে ফুলহারা, মৌহালী, কলিয়া ও গোলাপনগর গ্রামের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ঐতিহ্যবাহী খালটি ভরাট হয়ে যাওয়ায় পুরো এলাকার স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে তিন ফসলি জমিতে সেচ ও চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বর্ষা মৌসুম আসায় পুরো এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তা-ই নয়, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় হিজুলিয়া-ইছামতী শাখা নদীর দুই তীরের বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীভাঙনের মুখে পড়েছে।

এর আগে গত ২৯ এপ্রিলও একই স্থানে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছিল। সে সময় প্রশাসন খালের উত্তর পাশে নির্মাণাধীন একটি ভবনের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। কিন্তু পরে খালের দক্ষিণ পাশে ভরাট করে আবারও দোকান ও স্থাপনা নির্মাণের অপচেষ্টা চালানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন এবং ঘিওর থানা-পুলিশের একটি দল। এ সময় প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করে বলা হয়, সরকারি সম্পত্তি কোনো অবস্থায়ই ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না।

ইউএনও নাশিতা-তুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা বরদাশত করা হবে না। প্রথমে আমরা সার্ভেয়ারের মাধ্যমে সঠিকভাবে খালের সীমানা পরিমাপ করব এবং মানচিত্র যাচাই করব। সরকারি খালের জমিতে অবৈধ দখলের প্রমাণ মিললেই আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে খাল পুনরুদ্ধার করা হবে। নির্দেশ অমান্য করে কেউ নতুন করে দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত