Ajker Patrika

রাজধানীর উন্নয়ন প্রকল্পে যানজট মোকাবিলায় ডিএমপির প্রস্তুতিমূলক সভা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর উন্নয়ন প্রকল্পে যানজট মোকাবিলায় ডিএমপির প্রস্তুতিমূলক সভা
ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীতে চলমান ও শিগগির বাস্তবায়ন হতে যাওয়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর কারণে যানজট মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ মঙ্গলবার দুপুর ৩টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

সভায় ঢাকায় চলমান এবং শিগগির বাস্তবায়ন শুরু হতে যাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নকালে যানজট কমানো এবং নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা ও প্রয়োজনীয় কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

ডিএমপি জানায়, গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় রাজধানীর চলমান ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য বৃহৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। ওই সভায় প্রকল্প বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থা, দপ্তর ও অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় নীতিগত কৌশল নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভার প্রস্তুতি হিসেবে আজকের সভাটি আয়োজন করা হয়। সভায় ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত