রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ২০ সেপ্টেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি আবুল হায়াত দিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তার আবুল হায়াত দিপু নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য। তবে আসামিকে কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ডিএমপি।
ডিএমপি জানায়, গত ২০ সেপ্টেম্বর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য আবুল হায়াত দিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর রোববার দুপুর ১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগের দিন ১৯ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১১টার পর রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকেও যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।
এ ছাড়া শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা এবং দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কে একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।










