
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই শাহজাহানপুর ও কমলাপুর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেলেও দুপুরের আকস্মিক ঝুম বৃষ্টিতে সাময়িকভাবে বিঘ্নিত হয় স্বাভাবিক কার্যক্রম। কাদা ও জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতারা। তবে বিকেলের দিকে বৃষ্টি থামলে পুনরায় পুরোদমে শুরু হয় বেচাকেনা।
সরেজমিনে শাহজাহানপুর ও কমলাপুর পশুর হাট ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার নিয়ে গরু দেখতে আসেন। তবে দুপুর ১২টার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে দ্রুত বদলে যায় পরিস্থিতি। বৃষ্টির পানিতে হাটের ভেতরে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে। কোথাও কোথাও জমে যায় পানি। এতে গরু নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাপারীরা পড়েন চরম ভোগান্তিতে।
শাহজাহানপুর হাটে কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী শামীম মিয়া বলেন, সকাল থেকে ভালো বেচাকেনার আশা ছিল। কয়েকজন ক্রেতা গরু দেখে দামাদামিও করেছিলেন। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পর অনেকে হাট ছেড়ে চলে যান। এখন গরু সামলানোই কষ্ট হয়ে গেছে।
একই হাটে পাবনা থেকে আসা ব্যাপারী সাইদুল ইসলাম বলেন, ‘হাটে পানি জমে যাওয়ায় গরু নিয়ে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে গেছে। খড় ভিজে গেছে, গরুকে ঠিকমতো বসাতেও পারছি না। ক্রেতাও কমে গেছে।’ তিনি হাটে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন।
শাহজাহানপুর হাটের আরেক ব্যাপারী মো. আসাদুল ইসলাম বলেন, ‘সকালে বিক্রি ভালোই হচ্ছিল। কিন্তু দুপুরের বৃষ্টি সব হিসাব এলোমেলো করে দিয়েছে। গতকালও বৃষ্টি হয়েছে, আজ আবার দুই দফা বৃষ্টি। এতে গরু এনে বড় বিপাকে পড়েছি।’
আসাদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে অনেক গরুর গায়ে ময়লা লেগে গেছে। বেশি ভিজে থাকলে গরুর অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
কমলাপুর পশুর হাটেও দেখা যায় একই চিত্র। বৃষ্টির সময় অনেক ব্যাপারী ত্রিপল টানিয়ে গরু রক্ষার চেষ্টা করেন। কেউ কেউ নিজেরা ভিজে গরুকে শুকনো রাখার চেষ্টা করছিলেন।
সিরাজগঞ্জ থেকে আসা ব্যাপারী মিন্টু মিয়া বলেন, একেকটি গরু নিয়ে আসতে এবার অনেক খরচ হয়েছে। এখন যদি বেচাকেনা না হয়, তাহলে বড় লোকসানে পড়তে হবে। বৃষ্টির কারণে দুপুরের পর হাটে ক্রেতা প্রায় ছিলেন না।
চুয়াডাঙ্গা থেকে আসা নুর ইসলাম বলেন, ‘দুপুরের পর বৃষ্টির পানিতে পুরো হাট কর্দমাক্ত হয়ে যায়। এতে ক্রেতারা গরুর কাছে আসতে চাইছিলেন না। ঈদের আর অল্প সময় বাকি, এখন এমন বৃষ্টি হলে আমাদের জন্য বড় বিপদ।’
তবে বিকেলের দিকে বৃষ্টি থামার পর আবারও জমে উঠতে শুরু করে হাট। কাদা-পানির মধ্যেই ক্রেতাদের গরু কিনতে দেখা যায়। অনেকেই শেষ মুহূর্তের ভিড় ও সম্ভাব্য দাম বৃদ্ধির আশঙ্কায় বিকেলেই পশু কেনার চেষ্টা করেন।
শাহজাহানপুর হাটে রামপুরা থেকে গরু কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘কাল আবহাওয়া কেমন থাকবে, বলা যাচ্ছে না। শেষ মুহূর্তে দামও বেড়ে যেতে পারে। তাই কষ্ট হলেও আজই গরু কিনতে এসেছি।’
হাটসংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে সাধারণত বিকেল ও সন্ধ্যার দিকে পশুর হাটে ভিড় বাড়ে। আজ দুপুরের বৃষ্টিতে কিছু সময়ের জন্য বেচাকেনা কমে গেলেও সন্ধ্যার পর আবারও হাটে প্রাণ ফিরেছে। তবে টানা বৃষ্টি হলে শেষ সময়ের বেচাকেনা নিয়ে এখনো উদ্বেগ কাটছে না ব্যাপারীদের।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধ ভেঙে ভানুবিল ও ছনগাঁও গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে যায় এবং সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
১৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে রান্নাঘরের ওপর ভেঙে পড়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেষন্ডা গ্রামে ঘটে। পরিবারের তিন শিশু সন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় দুই গ্রামসহ সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবেন।
৩৬ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অঞ্জলি লহে মোর’ শিরোনামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’। গতকাল সোমবার (২৫ মে) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে