
প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগটা পেত না।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণের এই কর্মসূচি আয়োজন করে জেলা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল সংসদে বসে ভালো কথা বলে। কিন্তু বাইরে গিয়ে ভালো কথা বলছে না। গত ১৭ বছর যারা অত্যাচার-নির্যাতন করছে, তারা দু-এক জায়গায় ঝটিকা মিছিল করে। এই সুযোগটা তো তারা পাচ্ছে। বিরোধী দল গ্যাসের জন্য আন্দোলন করছে, তেলের জন্য আন্দোলন করছে, যে বাংলাদেশে গ্যাস নাই, তেল নাই, তারেক জিয়াকে এখনই গ্যাস দিতে হবে, এখনই সমস্ত বিদ্যুৎ দিতে হবে। আমরা তো একটা ধ্বংসস্তূপের ওপর দায়িত্বে আসছি। এসেই কি ৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?
পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দল যে লংমার্চ অথবা রোডমার্চ করছে, সেখানে কি তেল খরচ হচ্ছে না? রাস্তাঘাটে কি মানুষের ক্ষতি হচ্ছে না? মানুষের চলাফেরার মধ্যে যানজট সৃষ্টি হচ্ছে না? অসুস্থ রোগীদের কষ্ট পোহাতে হচ্ছে না? তাহলে বিরোধী দল কি এটা কোনো ভালো কাজ করল? কিন্তু তাঁরা বারবার সংসদে বলছেন, তাঁরা সরকারকে সহযোগিতা করবেন। সরকারকে সহযোগিতার নমুনা যদি এই ধরনের হয়, এটা কি সহযোগিতা হলো?
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপিকে একটা চাপে রেখে তারা (বিরোধী দল) ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। এভাবে কি ক্ষমতায় আসা যায় নাকি? এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে। ভোটের এক সপ্তাহ আগে হাতের ভেতর আইডি কার্ড নিয়ে টাকা দিয়ে কিছু ভোট নিয়েছে। আমাদের কিছু মানুষের দুর্বল জায়গায় আঘাত করে কিছু ভোট নিয়েছে। এ জন্য ভবিষ্যতে আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনো ধরনের সুযোগ নিয়ে বাংলাদেশ ও জনগণের ক্ষতি করবে, বিএনপি এবং তারেক রহমানের সরকার এটা মেনে নেবে না।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ড্যাব জেলা শাখার নেতা অধ্যাপক ডাক্তার আবদুল করিম মিঠু, ডা. ইকবাল হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে? আমি শুধু এটুকু জানতে চাই। আমি কোন দেশে থাকি, এটা কোন দেশ? একটা ছেলে বাসা থেকে বের হবে, তাকে মেরে ফেলবে...
৩ মিনিট আগে
রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমারত হোসেন (৫১) নামের একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।
১৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগে