Ajker Patrika

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: বিভিন্ন স্টেশনে আটকা চার আন্তনগর ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি   
সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: বিভিন্ন স্টেশনে আটকা চার আন্তনগর ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
লাইনচ্যুত ট্রেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে অন্তত চারটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে এবং দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির ‘ঝ’ বগির একটি চাকা ভেঙে বগিটি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্র জানায়, জামতৈল স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনটির ওই বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর বগিটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেল চলাচল বন্ধ থাকায় নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসসহ অন্তত চারটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায় এবং ট্রেন চলাচলের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়।

উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনে ওঠা যাত্রী মাসুদ বলেন, ‘জামতৈল স্টেশন পার হওয়ার পর থেকেই বিকট শব্দ হচ্ছিল। পরে পেছনের বগি থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে জানতে পারি, বগির চাকা ভেঙে গেছে।’

আরেক যাত্রী ছায়মা জাহান বলেন, ‘জামতৈল পার হওয়ার পর থেকেই অস্বাভাবিক শব্দ হচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে এসে ট্রেন থেমে যায়। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন, কেউ কেউ কান্নাকাটিও শুরু করেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ‘সিল্কসিটি এক্সপ্রেসের “ঝ” বগির চাকা ভেঙে যাওয়ায় সেটি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ট্রেনটির সামনের চারটি বগি সয়দাবাদ স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। পেছনের বগিগুলো জামতৈল স্টেশনের দিকে নেওয়ার প্রস্তুতি চলছে। পাকশী থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত