Ajker Patrika

কোনো দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনায় গড়িমসি নয়: এ টি এম আজহারুল

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৮
কোনো দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনায় গড়িমসি নয়: এ টি এম আজহারুল
বগুড়ায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, কোনো দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গড়িমসি করা উচিত নয়। আজ বুধবার দুপুরে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের প্রতি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানান।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ও সংসদে আলোচনার পর আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এখন প্রকল্পটি খুব ধীরগতিতে এগোচ্ছে। আমাদের কানে আসে, কোনো এক দেশের ভয়ে সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে।’

বাংলাদেশের জাতীয় স্বার্থ কোনো দেশের ভয়ভীতির কাছে বিসর্জন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন এ টি এম আজহারুল ইসলাম। ১৮ কোটি মানুষের ওপর আস্থা রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

আজহারুল ইসলাম অভিযোগ করেন, দেশে দখলদারি ও চাঁদাবাজি বেড়েছে। রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির কারণে পণ্যের দামও বাড়ছে বলে দাবি করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাঁর ভাষায়, ‘জনগণের ভাষা বুঝতে না পারলে যেকোনো সরকারের পরিণতি পতিত স্বৈরাচারী সরকারের মতো হতে পারে।’

আজহারুল ইসলাম জানান, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়ার মাটিডালিতে পথসভা হবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত