Ajker Patrika

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট
নরসিংদী জেলা সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া একই এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের সশস্ত্র ডাকাত দল মিলন ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন ভূঁইয়া তাঁর বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোনে বিষয়টি জানান। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে লুটপাট চালায়।

খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান ভূঁইয়া ও তাঁদের চাচা সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে গেলে বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে শাহজাহান ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ডাকাতেরা বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেশী রিফাত জানান, ডাকাতদের খবর পেয়ে শাহজাহান ভূঁইয়া ও সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে গেলে বাইরে অবস্থান নেওয়া ডাকাতেরা তাঁদের কুপিয়ে আহত করে। পরে লুটপাট শেষে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত