
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও একা খাতা দেখতে যেতে বলাসহ বিভিন্ন অভিযোগে সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। ফারুকুজ্জামান ফারুক বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা, খারাপ স্পর্শের চেষ্টা, ক্লাস শেষে একা খাতা দেখতে যেতে বলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে পুলিশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার এবং ইউএনও মোহাম্মদ দিদারুল আলম ঘটনাস্থলে যান। তাঁদের আশ্বাসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বর্ষা বলে, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক ফারুক শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। এর আগেও ছাত্রীদের নিয়ে খারাপ কথা বলার জন্য অভিভাবকদের কাছে মাফ চেয়েছেন। আমরা তাঁর দ্রুত শাস্তি ও বদলির দাবি জানাই।’
প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, এই স্কুলে আরও অনেক শিক্ষক আছেন, তাঁরা তো এমন ভাষা ব্যবহার করেন না। যেসব ভাষা তিনি ব্যবহার করেন, সেগুলো মুখে বলা যায় না।
অভিযুক্ত সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার বলেন, শিক্ষার্থীরা শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ করেছে। পরে ইউএনওর আশ্বাসে তারা বিক্ষোভ প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যায়। ছাত্রীদের সঙ্গে কথা বলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দেবে।
ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। প্রতিবেদন হাতে পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় কাপড়ের রোলের আড়ালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ চালানটিতে প্রাথমিক গণনায় ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। এসব ফোনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানা গেছে।
১৯ মিনিট আগে
সরকারি চাকরির ১১–২০ গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
৪৩ মিনিট আগে