গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গতকাল শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীরা মুখোমুখি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
ওসি মো. আমিনুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










