
বিয়ের পিঁড়িতে বসার সব আয়োজন চূড়ান্ত ছিল। কিন্তু পড়ার টেবিল ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে চাননি দশম শ্রেণির এক শিক্ষার্থী। নিজের স্বপ্ন বাঁচাত স্কুলের প্রধান শিক্ষকের ফোন থেকে জাতীয় শিশু সহায়তা হটলাইন ‘১০৯৮’-এ কল করেন তিনি। এর পরপরই প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় সেই বাল্যবিবাহ।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।
আগামী বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ওই শিক্ষার্থীর। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নদেখা এই কিশোরী বলে, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে ডাক্তার হব। যখন শুনলাম আমার বিয়ে ঠিক হয়েছে, খুব ভয় পেয়েছিলাম। তবে স্কুলে শেখানো হয়েছিল বাল্যবিবাহ ঠেকানোর ব্যবস্থা কীভাবে নিতে হয়। সেই সাহস থেকেই ফোন করি।’
অনুসন্ধানে জানা যায়, গত জুন মাসে ওই বিদ্যালয়ে ইউনিসেফের শিশু সুরক্ষা উদ্যোগের অধীনে বাল্যবিবাহের সামাজিক ও আইনি প্রভাব এবং জাতীয় হটলাইন ১০৯৮-এর ব্যবহার নিয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়।
ওই কর্মসূচির দুদিনের মাথায় অভাবের অজুহাতে পরিবার থেকে শিক্ষার্থীটির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। বিয়েতে সম্মতি না থাকায় কান্নাকাটি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাহায্য চান ওই শিক্ষার্থী। শিক্ষকের ফোন ব্যবহার করেই তিনি সরাসরি ঢাকায় জাতীয় শিশু সহায়তা হটলাইনে অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পর সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মী দ্রুত ওই বাড়িতে গিয়ে পৌঁছান। সেখানে আইনি ও সামাজিক ঝুঁকি বোঝানোর পর পরিবার বিয়ে বাতিল করতে সম্মত হয় এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন অভিভাবকেরা।
শিক্ষার্থীর বাবা পেশায় রাজমিস্ত্রি। অভাবের সংসার পরিচালনা ও সামাজিক চাপের কারণেই মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন বলে জানান তার মা।
মা বলেন, ‘সংসারে খুব অভাব। মেয়ে বড় হওয়ায় নানা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছিল। তবে সবাই বুঝিয়ে বলায় আমরা সিদ্ধান্ত বদলেছি। ওর পড়ালেখার পেছনে প্রতি মাসে প্রায় দেড় হাজার টাকা খরচ হয়। এখন অভাবের মধ্যেই পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
ঘটনাটিকে ওই শিক্ষার্থীর সাহসিকতা হিসেবে দেখছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধান শিক্ষক বলেন, ‘মেয়েটি অত্যন্ত মেধাবী। তার বাবা-মাকে অনুরোধ করে আমরাও তার পাশে দাঁড়িয়েছি।’
তবে বাল্যবিবাহের পেছনে থাকা আর্থসামাজিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘অনেক সময় অভিভাবকদের বোঝাতে গেলে তারা উল্টো প্রশ্ন করেন—আপনারা কি আমাদের মেয়ের দায়িত্ব নেবেন? সচেতনতা বাড়ানোর পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক সহায়তাও জরুরি।’
বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, কনের বয়স অন্তত ১৮ এবং বরের ২১ বছর হওয়া বাধ্যতামূলক। এর ব্যতিক্রম হলে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। .
অভিযোগ ব্যবস্থাপনা সম্পর্কে ইউনিসেফের শিশু সুরক্ষা সমাজকর্মী মো. সুমন আলী জানান, ১০৯৮-এ ফোন করার পর ঢাকার কল সেন্টার থেকে তথ্য জেলা বা স্থানীয় সমাজকর্মীদের কাছে পাঠানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি পদক্ষেপ নেন।
তবে এ ধরনের কাজ পরিচালনা করতে গিয়ে মাঠপর্যায়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বলে জানান তিনি। সুমন আলী বলেন, ‘অনেক সময় আমরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করলেও পরিবার পরে গোপনে দূরসম্পর্কের আত্মীয়ের বাড়ি গিয়ে বিয়ে দিয়ে দেয়। এ ছাড়া সমাজকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ জানান, শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় ইউনিসেফ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মীরা যৌথভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন। যেসব এলাকায় সুনির্দিষ্ট সমাজকর্মী নেই, সেখানে স্থানীয় ইউনিয়ন সমাজকর্মীরা এ দায়িত্ব পালন করেন।
নিজের ভবিষ্যৎ সুরক্ষার এই লড়াইয়ে অনড় ওই শিক্ষার্থী বলে, ‘যত প্রতিকূল পরিস্থিতিই আসুক, আমি স্বপ্ন থেকে সরে আসব না। এখন আমার লক্ষ্য ভালোভাবে পড়াশোনা করে একজন আদর্শ চিকিৎসক হওয়া।’

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে