
সমঝোতার কথা বলে কৌশলে নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভার নয়টি হাটবাজারের মধ্যে আটটির ইজারা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের বিরুদ্ধে। প্রথম পর্যায়ে রেকর্ডসংখ্যক দরপত্রের শিডিউল বিক্রি হলেও শিডিউল কেনা একাধিক বিএনপি নেতাদের সমঝোতার কথা বলে কাউকেই দরপত্র জমা দিতে দেননি। দরপত্র জমা দেওয়ার শেষ সময়ে তিনি তাঁর অনুগত তিন ব্যক্তির মাধ্যমে মাত্র ২৭টি শিডিউল কিনে নয়টি হাটমহলের মধ্যে আটটিই নিজেদের দখলে নিয়েছেন। এভাবে দরপত্র কিনে জমা দেওয়ার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয়েছে। এ ঘটনাকে ঘিরে প্রথম পর্যায়ে দরপত্র কেনা একাধিক ব্যক্তির মধ্য তীব্র ক্ষোভ বিরাজ করছে।
দরপত্র কেনা স্থানীয়দের অভিযোগ, প্রথম ধাপে বিপুলসংখ্যক শিডিউল বিক্রি হলেও শেষ সময়ে প্রতিযোগিতামূলক দরপত্র জমা না পড়ায় সরকার সম্ভাব্য বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
শেষ সময়ে হাটমহল ইজারা নেওয়া ব্যক্তিরা হলেন স্বরূপকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাদল, একই ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম ওরফে মামুন। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার নয়টি হাটবাজারের মোট ইজারা মূল্য ৩৮ লাখ ৩৭ হাজার ৮৫৯ টাকা। স্থানীয়দের ধারণা, এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা ওই তিন ব্যক্তির জন্য কঠিন ব্যাপার। কাজী কামাল হোসেন পেছন থেকে ইজারার অর্থ সরবরাহ করে হাটবাজারের ইজারা হাতিয়েছেন।
স্বরূপকাঠি পৌরসভা সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি পৌরসভার আওতাধীন নয়টি হাটবাজার ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৯ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে ৯৩টি দরপত্রের শিডিউল প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকায় বিক্রি হয়। তবে ১৭ ফেব্রুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত থাকলেও একটি দরপত্রও জমা পড়েনি। পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত শিডিউল বিক্রি এবং ৩ মার্চ দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু প্রথম ধাপে বিপুলসংখ্যক শিডিউল বিক্রি হলেও কেউ দরপত্র জমা না দেওয়ায় দ্বিতীয় ধাপে কেউ শিডিউল কেনেননি। এরপর তৃতীয় পর্যায়ে ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত শিডিউল বিক্রি এবং ১৬ মার্চ দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। শেষ দিন ওই তিন ব্যক্তি গোপনে মোট ২৭টি শিডিউল কিনে নির্ধারিত সময়ে দরপত্র জমা দেন। এ কারণে ইজারায় কোনো প্রতিযোগিতা হয়নি। তাঁরা সরকারি মূল্যের চেয়ে নামমাত্র কিছু মূল্য বেশি দিয়ে হাটবাজার ইজারা নিয়েছেন।
স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার মোবাইল ফোনে বলেন, ‘দরপত্র জমা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আমি একটি দাওয়াতে যাচ্ছি, পরে সামনাসামনি কথা বলব।’
অন্যদিকে পৌর বিএনপির সম্পাদক মো. মইনুল হাসান বলেন, ‘প্রথম ধাপে অনেকেই শিডিউল কিনেছিলেন। দরপত্র জমা দিতে গেলে সাংগঠনিক সম্পাদক হাফিজ সিকদার সবাইকে দরপত্র জমা দিতে বারণ করেছিলেন। প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর দরপত্র জমা দিতে বারণ করেছেন বলে তাঁর নাম উল্লেখ করেছিলেন হাফিজ সিকদার। তবে পরে জানতে পারি, প্রতিমন্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না। তাঁর নাম ভাঙানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এভাবে হাফিজ সিকদারের মাধ্যমে দরপত্র জমা দিতে বারণ করে কাজী কামাল নিজেই কৌশলে হাটবাজারগুলো ইজারা নিয়েছেন, যা খুবই খারাপ বিষয়।’
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার অভিযোগ করে বলেন, ‘রেকর্ডসংখ্যক শিডিউল বিক্রি হলেও প্রথম পর্যায়ে একটিও জমা পড়েনি। স্বরূপকাঠির পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন পরিকল্পিতভাবে এ কাজটি করেছেন। প্রথমে কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি, পরে কাজী কামাল অনুগত তিনজনের মাধ্যমে কৌশলে হাটমহলগুলো ইজারা নিয়েছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘কাউকে শিডিউল কিনতে বা দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তা ছাড়া আমার নামে কোনো হাটবাজার ইজারা নেওয়া হয়নি।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্বরূপকাঠি পৌর প্রশাসক অমিত দত্ত বলেন, ‘প্রথম পর্যায়ে বিপুল পরিমাণ শিডিউল বিক্রি হয়েছিল, কিন্তু একটিও জমা পড়েনি। বিষয়টি আমাদের কাছেও আশ্চর্যজনক। কেউ শিডিউল কিনে জমা না দিলে বা এ বিষয়ে কোনো অভিযোগ না করলে প্রশাসনের কিছু করার থাকে না। তবে বিষয়টি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক।’

নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামে এক নার্সকে নির্যাতনের একপর্যায়ে হাত-পায়ের রগ কেটে দেন তাঁর স্বামী। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পাথরঘাটাগামী লাবিবা পরিবহনের একটি বাস ইছানীল মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়।
২০ মিনিট আগে
নিহত আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে (আপন বোন) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাঁকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন...
৩৫ মিনিট আগে