Ajker Patrika

আঘাতে শাবল মাথায় ঢুকে ৪ দিন পর মৃত্যু, গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আঘাতে শাবল মাথায় ঢুকে ৪ দিন পর মৃত্যু, গ্রেপ্তার ২
গ্রেপ্তার কাশেম আলী সরদার। ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র‍্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৪।

এসআরবি জানায়, আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শান্তিনগর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে কাশেম আলী সরদার (৫২) ও বকুল খাতুনকে (৪০) গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর সহায়তায় এসআরবি-৪-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে।

এসআরবি আরও জানায়, চলাচলের পথ নিয়ে এছার আলীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ৩১ মে সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে এছার আলী ও তাঁর পরিবারের ওপর হামলা চালান। একপর্যায়ে গ্রেপ্তার দুজনসহ অন্য আসামিরা এছার আলীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথার হাড় ভেঙে শাবলটি ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় এছার আলীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রীকেও ধারালো দা দিয়ে এবং সন্তানদের চাইনিজ কুড়াল ও রড দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এছার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে কয়রা থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৪-এর একটি দল।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে আজ শুক্রবার বিকেলে এসআরবি-১১-এর সহায়তায় ফতুল্লার শান্তিনগর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে কাশেম আলী সরদার ও বকুল খাতুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানায় এসআরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত