উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। আগামী তিন দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ শনিবার (২৭ জুন) দুপুরে দেওয়া এক পূর্বাভাস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের বরাতে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম প্রদেশে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৩০ জুন থেকে ২ জুলাই নদের পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে এর নিম্মাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৩ দিন রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলাসংলগ্ন এসব নদীর নিন্মাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য মতে, জেলার সবকটি নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পানি কমছে। তবে ধরলা ও তিস্তা নদীর পানি স্থিতিশীল আছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছে পাউবো। দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকলে অন্য নদীর পানি সহসাই নেমে যেতে পারে না। ফলে বন্যার আশঙ্কা বেড়ে যায়। আগামী তিন দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।’
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। শুকনা খাবার ও প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মঈন (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।
১ ঘণ্টা আগে