
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া এলাকার মো. আল-আমিন (৩০), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া এলাকার মো. আক্কাস আলী (৩৫), নরসিংদীর রায়পুরা উপজেলার চরমদিনা নগরের মো. ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চব্বাস মোল্লাবাড়ির ইয়াছিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াবপুর এলাকার রবিউল (৩৩), মুরাদনগর থানার আলাউদ্দিন (২৫), চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পাঠানপাড়া এলাকার ইসরাফিল রহমান (২৭) ও কোতোয়ালি থানার ফয়েজ রোড এলাকার মো. হৃদয় (৩৪)।
পুলিশের ভাষ্য, গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার ধুনটে মাসুদ টেলিকম নামের দোকানটি বন্ধ করে বাড়িতে যান দোকানের মালিক মাসুদ রানা। আজ সকাল ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানটির তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি মাসুদ রানাকে জানান।
খবর পেয়ে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা করে। পরে পুলিশ জানতে পারে, আট ব্যক্তি দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে তাঁরা শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
পুলিশ শেরপুর বাসস্ট্যান্ডের শ্যামলী পরিবহনের কাউন্টার স্টাফদের সঙ্গে কথা বলে বাসটির নম্বর ও সুপারভাইজারের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। পরে বিষয়টি সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার পুলিশকে জানানো হয়।
এরপর ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার পুলিশের সমন্বিত অভিযানে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, আজ বেলা ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বগুড়ার ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
২১ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
২৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ মিনিট আগে