
মাত্র ৫৩ দিন আগে মায়ের কোলজুড়ে এসেছিল ছোট্ট অদ্রিজা মণ্ডল। পৃথিবীর আলো দেখার পর মায়ের আদর আর ভালোবাসা যখন তাকে ঘিরে রাখার কথা, ঠিক সে সময়ই মা হারিয়ে গেল দূর অজানায়। যে মা তাকে পৃথিবীতে আনতে অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন, সেই মা-ই আজ নেই।
কণিকা মণ্ডল (৩৫) আর ফিরবেন না। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কণিকা ছিলেন তিন সন্তানের মা। গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অদ্রিজার জন্ম হয়।
পরিবারের অভিযোগ, অপারেশনের পর কণিকার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই করে দেওয়া হয়। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ৩ জুলাই তাঁকে ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে গজ বের করা হয়।
তবে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দীর্ঘদিন চিকিৎসাধীন থেকেও অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে গতকাল থেমে যায় কণিকার জীবনযুদ্ধ।
কণিকার মৃত্যুতে অশান্ত মণ্ডল শুধু যে তাঁর স্ত্রীকে হারিয়েছেন, তা নয়। তিন সন্তানও হারিয়েছে তাদের সবচেয়ে বড় আশ্রয়। বড় ছেলে পার্থ মণ্ডল নবম শ্রেণির শিক্ষার্থী, মেজ ছেলে অঙ্কন মণ্ডল তৃতীয় শ্রেণিতে পড়ে। তারা দুজনই মাকে দেখেছে, মায়ের স্নেহ-শাসনে বড় হয়েছে। কিন্তু এখন থেকে তাদের প্রতিটি দিন কাটবে মায়ের শূন্যতা নিয়ে। আর মাত্র ৫৩ দিনের অদ্রিজা জানেই না, যে মানুষটির বুকের উষ্ণতায় তার ঘুমিয়ে পড়ার কথা, সেই মা আর কোনো দিন তাকে কোলে নেবেন না।
স্ত্রী হারানোর শোকের সঙ্গে তিন সন্তানকে নিয়ে ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়েছেন অশান্ত মণ্ডল। তিনি বলেন, ‘আমি এখন দুই মাসের সন্তান নিয়ে কীভাবে বাঁচব? এই ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে অথই সাগরে পড়ে গেলাম। আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে, জানি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বাবার এই অসহায় কথার ভেতরেই যেন লুকিয়ে আছে একটি পরিবারের পুরো গল্প। একদিকে স্ত্রীর শূন্যতা, অন্যদিকে তিন সন্তানকে একা সামলানোর দায়িত্ব। পার্থ ও অঙ্কনের পড়াশোনা, অদ্রিজার বেড়ে ওঠা—সবকিছুই এখন অশান্ত মণ্ডলের একার কাঁধে।
যে ঘরে কয়েক দিন আগেও কণিকার কণ্ঠে সন্তানদের ডাক শোনা যেত, সেখানে এখন ছড়িয়ে আছে কেবল তাঁর স্মৃতি। রান্নাঘর, সন্তানের পড়ার টেবিল, ছোট্ট অদ্রিজার বিছানা—সবকিছুতেই যেন মায়ের ছোঁয়া রয়ে গেছে। শুধু নেই সেই মানুষটি, যিনি প্রতিদিন সন্তানদের ঘিরেই নিজের পৃথিবী সাজিয়েছিলেন।
অদ্রিজা হয়তো একদিন বড় হবে। কথা বলতে শিখবে, হাঁটতে শিখবে, মাকে নিয়ে প্রশ্ন করবে। হয়তো একদিন জানতে চাইবে, ‘আমার মা কোথায়?’ তখন তাকে বলতে হবে—পৃথিবীতে আসার মাত্র ৫৩ দিনের মাথায় তুমি তোমার মাকে হারিয়েছিলে। সে হয়তো কথাটা বুঝবে, কিন্তু মায়ের আদর কাকে বলে, সেই অনুভূতিটা আর কোনো দিন জানার সুযোগ পাবে না।
কণিকার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি পরিবারটির হাতে ৫০ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও দায় বা চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৪ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৬ ঘণ্টা আগে