
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
আজ দুপুরে আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।
তিনি জানান, লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার অভিযোগে গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। প্রায় চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন আয়েশা।
মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের (৪৮) সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, গলা ও দেহের বিভিন্ন জায়গায় জখম নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন লায়লা আফরোজ। আর নাফিসাকে (১৫) গলার নিচে ডান পাশে কাটা অবস্থায় বাসার গেটের কাছে পাওয়া যায়।
পরে বাসার পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামি আয়েশা সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যান। এ সময় তিনি বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ আরও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদীর দাবি, অজ্ঞাত কারণে গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছেন। আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে থানায় এজাহার করতে দেরি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
হত্যাকাণ্ড তদন্তে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে তারা।

অবশেষে দীর্ঘ ৬৫ বছর আইনি লড়াই শেষে বুধবার নিজেদের জমি ফেরত পেয়েছে বাদীপক্ষ। প্রতিষ্ঠিত হয়েছে উত্তরাধিকার। বুধবার (১৩ মে) বিকেলে কুড়িগ্রাম সদরের পৌর এলাকার চরুয়াপাড়ায় বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম।
২১ মিনিট আগে
‘ওই এলাকার ইমনসহ কয়েকজন যুবক শাহিন নামে একজনকে খুঁজতে থাকে। শাহিনকে দেখেছি কি না, এমন প্রশ্নের জবাবে “দেখিনি” বলতেই তাঁরা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে আমি রাফিকে বাসা থেকে ডেকে এনে ওদের কাছে যাওয়ামাত্রই ইমন পিস্তল বের করে রাফির ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়...
২৭ মিনিট আগে
স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সংবিধানের অন্যতম প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তাঁর নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা...
১ ঘণ্টা আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি আদালত। আজ বৃহস্পতিবার দুজনের করা আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ...
১ ঘণ্টা আগে