
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানসহ তিনজনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ যাচাই করতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ১১৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বাইরেও তাঁদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাঁর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হচ্ছে।
একই অভিযোগে সম্পদ বিবরণী দিতে বলা হয়েছে মানিকগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনিকেও। তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৯ লাখ ৯৪ হাজার ১৪৮ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক।
অপর ব্যক্তি মো. আবুল বাশারের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে তাঁর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক বলছে, আবুল বাশারের নামে জ্ঞাত আয়ের উৎসের বাইরে আরও স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাঁর সম্পদের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন এবং সম্পদ অর্জনের উৎস যাচাইয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক আরও জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাঁদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এ এম নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
৯ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পলাশপুর গ্রামের সন্তান পারভেজ রহমান নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ২৫ আগস্ট দলীয় ভোটে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পণ্যের গায়ে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১৯ মিনিট আগে