
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার অর্থ জালিয়াতি ও যোগসাজশের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মো. সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে সরকারি ক্ষমতার অপব্যবহার, ভুয়া অ্যাডভাইস তৈরি এবং রেকর্ডপত্রে জালিয়াতির ভয়াবহ চিত্র উঠে এসেছে।
মামলার প্রধান আসামি সেতাফুল ইসলাম বর্তমানে চাকরি থেকে বরখাস্ত। চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের তৎকালীন অডিটর মো. সৈয়দুজ্জামান এবং আটজন সুবিধাভোগী হলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, কে এ আল মামুন, মো. কামরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, মো. আনিছুর রহমান, মোহাম্মদ মাহমুদ হোসেন শিমুল, জিলন খান ও আব্দুল হামিদ।
দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুবিধাভোগী অন্য দুই আসামি রায়হান ও আবুল কালাম এই অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিলেন এবং তদন্তে তাঁদের অর্থ আত্মসাতের বিষয়টি প্রতীয়মান হয়েছে। তবে মামলার কার্যক্রম চলাকালে তাঁরা মৃত্যুবরণ করায় আইনগত নিয়ম অনুযায়ী চার্জশিট থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।
দুদকের তদন্ত প্রতিবেদন ও চার্জশিট অনুযায়ী, সেতাফুল ইসলাম কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে প্রচলিত সব নিয়ম লঙ্ঘন করেন। নিয়ম অনুযায়ী এলএ চেকে অফিস সহকারী বা নাজিরের স্বাক্ষর থাকার কথা থাকলেও তিনি অধিকাংশ ক্ষেত্রে চেকবই নিজের হেফাজতে রাখতেন। তিনি প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনো আবেদন গ্রহণ বা মালিকানা যাচাই ছাড়াই নিজ হাতে চেকে ভিন্ন তথ্য লিখে অর্থ ছাড় করতেন।
তদন্তে দেখা যায়, সেতাফুল ও অডিটর সৈয়দুজ্জামান পরস্পর যোগসাজশে জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক জালিয়াতি করে ভুয়া ‘অ্যাডভাইস’ তৈরি করতেন। সেই ভুয়া অ্যাডভাইস জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠিয়ে এবং সংশ্লিষ্ট লেজার বইতে কোনো তথ্য এন্ট্রি না করেই অর্থ নগদায়ন করা হতো। এমনকি অনেক ক্ষেত্রে চেকের মুড়ির অংশে টাকার পরিমাণ না লিখেও শুধু প্রাপকের অংশে বড় অঙ্ক বসিয়ে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে।
দুদকের তথ্যমতে, ২০১৩-১৪ সালে ভৈরবের বিসিক শিল্পনগরী প্রকল্প, ২০১৪-১৫ সালে বাজিতপুর উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প, ২০১৪-১৫ সালে অষ্টগ্রামের চৌদন্ত সড়ক প্রকল্প এবং ২০১৪-১৫ সালে উজানচর-বাজিতপুর সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের মূল্য বাবদ চারটি এলএ কেসের বিপরীতে সরকারি তহবিলে ৮ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৩৬ টাকার গরমিল পাওয়া যায়। এর মধ্যে ৩ কোটি ৭৯ লাখ টাকা সরাসরি আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। ২০১৬ সালের মার্চ থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারি অর্থ গরমিল ও আত্মসাতের ঘটনা ঘটে। তদন্তকালে ৪৭টি মূল এলএ চেকসহ বিভিন্ন ব্যাংকের লেনদেনের নথিপত্র জব্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সাবেক সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তদন্ত শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিজ্ঞ আদালতে এই চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৩৫ জনকে সাক্ষী করা হয়েছে, যাঁদের মধ্যে তৎকালীন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা রয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা ও দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারিতে ভূমি অধিগ্রহণের আরও ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেতাফুল ইসলামকে গ্রেপ্তার করেছিল দুদক। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে ৫ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

শাড়ি পরে ব্যস্ত সড়কে দুরন্ত গতিতে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। তাঁর এমন সাইকেল চালানো দেখে হতবাক পথচারীসহ সবাই।
১৩ মিনিট আগে
লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁকে লালমনিরহাট আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
২৪ মিনিট আগে
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে