Ajker Patrika

নির্বাচন সুষ্ঠু করতে খুলনায় প্রশাসনে ম্যারাথন বৈঠক, দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
নির্বাচন সুষ্ঠু করতে খুলনায় প্রশাসনে ম্যারাথন বৈঠক, দিকনির্দেশনা
৫৫ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম যশোর থেকে গতকাল খুলনা স্টেডিয়ামে আসেন। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়হীন পরিবেশে করার লক্ষ্যে খুলনায় নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, যৌথ বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার দফায় দফায় ম্যারাথন বৈঠক চলছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় যোগদানের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যশোর থেকে খুলনা স্টেডিয়ামে আসেন।

খুলনায় অবস্থিত সদর ব্যাটালিয়ন ১৭ বীরের কনফারেন্স রুমে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনএস তিতুমীর, খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে তাঁরা কীভাবে কাজ করলে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়, সে বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে জানতে চান। এ সময় কেএমপি কমিশনার কোনো কেন্দ্রে আইনশৃঙ্খলার অবনতি হলে সেনাবাহিনী ও নৌবাহিনীর টহল টিম যেন পুলিশের অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহযোগিতা করে, সে বিষয়ে জিওসি এবং খুলনা নৌ অঞ্চলের কমান্ডারকে অনুরোধ করেন।

এ ছাড়াও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামসেদ খোন্দকার আজ বুধবার বিভিন্ন বৈঠকে দিকনির্দেশনা দিচ্ছেন। সব মিলিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তর ব্যস্ত সময় কাটাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত