সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মাদ্রাসা, একটি টেকনিক্যাল কলেজ এবং একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের শ্যামপুর কাজী ইসমাইল হোসেন আলিম মাদ্রাসা থেকে আটজন পরীক্ষায় অংশ নেন। রায়গঞ্জ উপজেলার আমসারা ইসলামিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ২১ জন এবং একই উপজেলার তেলিজানা আলিম মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষায় অংশ নেন। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
এ ছাড়া তাড়াশ উপজেলার দোবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি আলিম মাদ্রাসা থেকে ১৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে তিনজন এবং শহরের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন। এই দুই প্রতিষ্ঠানেরও কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
এ বিষয়ে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ‘কলেজে শিক্ষার্থী না থাকায় এবার একজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।’
জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাকি ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’









