Ajker Patrika

পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা চলার মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্ট আয়োজিত হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা চলার মধ্যে ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ আম উৎসব আয়োজনের অভিযোগ উঠেছে। এমনকি দিনভর সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান চলছে। এতে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। হোন্ডা মোটরসাইকেলের আয়োজনে আজ শনিবার (২৭ জুন) দিনব্যাপী নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্ট হয়।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ৩৬০ ঘণ্টা কোর্সের সমাপনী পরীক্ষা-২০২৬ নবাবগঞ্জ সরকারি কলেজের মনিমুল হক ভবনের ৫১০১ ও ৫১০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। অফিস অ্যাপ্লিকেশন ও ডেটাবেইজ প্রোগ্রামিংয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের প্রশিক্ষণ শেষে শনিবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২০ জন শিক্ষার্থী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের মূল ফটকে টাঙানো রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষায় নোটিশ। সেখানে কলেজে ১৪৪ ধারা জারির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। ব্যানারের ঠিক পেছনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গানবাজনা চলছে। সকাল ১০টা থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। পরে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হয় এক গ্রুপের ভাইভা পরীক্ষা। পরে দেড়টায় শুরু হয়ে আরেক গ্রুপের পরীক্ষা চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী বলেন, ‘লিখিত পরীক্ষার শুরু থেকে কলেজ মাঠে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছিল। পরীক্ষার কক্ষেও তীব্র শব্দ শোনা যাচ্ছিল। এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষার সময়েও এমন উচ্চ স্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানো উচিত নয়। এতে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়ে আরও বেশি সচেতন থাকবে।’

অভিভাবক রফিকুল ইসলাম বলেন, ‘এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে স্থম্ভিত হয়েছি। পাবলিক পরীক্ষা চলার সময় কীভাবে এমন উচ্চ স্বরে সাউন্ড বক্সে মিউজিক বাজাতে পারে? কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীন কাজ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে। এ ছাড়াও ১৪৪ ধারা থাকা কলেজে ম্যাঙ্গো ফেস্টের উচ্চ স্বরে গান চলাকালে পুলিশ সদস্যদের সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।’

হোন্ডা মোটরসাইকেলের ম্যাঙ্গো ফেস্টে দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে হোন্ডার চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি শিশির বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি নিয়ে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টের আয়োজন করা হয়েছে। আজকে কলেজে কোনো পরীক্ষা রয়েছে কি না আমাদের জানা নেই।’

জানতে চাইলে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, ‘মাসখানেক আগে কলেজ মাঠে অনুষ্ঠানের জন্য হোন্ডা কোম্পানির পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা হঠাৎ করে হয়েছে। তবে পরীক্ষা কলেজ মাঠ থেকে কিছুটা দূরের ভবনে হচ্ছিল।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, ‘ম্যাঙ্গো ফেস্টের বিষয়ে থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি এমন আয়োজনের কথা আমাদের জানা নেই।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এমন আয়োজনের বিষয়ে আমাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পরীক্ষা চলাকালে কলেজ কর্তৃপক্ষ এমন আয়োজনের কেন অনুমতি দিল, তা তারাই বলতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত