জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদরে কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ বলবৎ থাকবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত। শহরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কারফিউ সত্ত্বেও বৃহস্পতিবার সকাল থেকে কিছু মানুষকে জরুরি প্রয়োজনে সড়কে চলাচল করতে দেখা গেছে। তবে অফিসগামী মানুষ ছাড়া বেশির ভাগ মানুষই ঘর থেকে বের হননি। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পুলিশ বা সেনাবাহিনীর তেমন কোনো টহল চোখে পড়েনি, যদিও কিছু স্থানে আনসার সদস্যদের দেখা গেছে।
একাধিক পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও শহরের পরিবেশ এখনো থমথমে। গোপালগঞ্জ সদর সার্কেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে। গতকাল সন্ধ্যা থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।’
তিনি আরও জানান, গতকালের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
হামলা-সংঘর্ষে চারজন নিহত, গুলিবিদ্ধ ৯ জন
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার দিনভর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সহিংসতায় চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

সকালে রাস্তায় পড়ে ছিল প্রতিবন্ধকতা
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অনেক জায়গায় এখনো পড়ে আছে ইটপাটকেল, বাঁশ, ভাঙা তোরণ ও কেটে ফেলা গাছ। এগুলো যান চলাচলে বাধা সৃষ্টি করছে। সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে থাকা একটি রেইনট্রি গাছ সরানোর চেষ্টা করেন স্থানীয় এক নারী, রোজিনা বেগম। তিনি বলেন, ‘সকালে হাঁটতে বেরিয়ে দেখি গাছটা রাস্তার ওপর পড়ে আছে। রাতে কেউ ফেলেছে হয়তো। সংসারের কাজে লাগবে ভেবে কয়েকটা ডাল কেটে নিচ্ছি।’
এ ছাড়া ঘোনাপাড়া মোড়ে সকাল থেকে কিছু ইজিবাইক ও মাহিন্দ্রা চলাচল করতে দেখা যায়। তবে গোপালগঞ্জ-টেকেরহাট, গোপালগঞ্জ-ব্যাশপুর ও গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কিছু যানবাহন চললেও সংখ্যায় তা কম।
চেকপোস্ট নেই, টহলও সীমিত
সকাল ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন—ঘোনাপাড়া, এলজিইডি মোড়, জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট ও কাঁচাবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি। পৌরসভা কার্যালয়ের সামনে কিছু গ্রাম পুলিশ ও পরিচ্ছন্নতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।
বেশির ভাগ দোকান বন্ধ
সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে কিছু চায়ের দোকান ও রেস্তোরাঁ খুলেছে। কাঁচাবাজারের পাশে কিছু ফলের দোকানেও লোকজনের আনাগোনা দেখা গেছে।
বিজিবির চার প্লাটুন মোতায়েন
বুধবার রাতে সংঘর্ষ শুরু হলে র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেন। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (৫০) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের কোপে তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানও জখম হন।
৪ মিনিট আগে
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দিয়ে
৮ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় তাঁকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারের চালক মো. আহাদ শেখ সৈকতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। খুলনা মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য...
১১ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আজ সোমবার আদালত মামলার তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
২৮ মিনিট আগে