
কিশোরগঞ্জের কলেরাঝুঁকিপূর্ণ তিন উপজেলা করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইলে এক বছর বা তার বেশি বয়সীদের মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়া হবে। আগামী ২২ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। তিন উপজেলায় মোট ৭ লাখ ২৫ হাজার ১৩৮ জনকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওরাল কলেরা ভ্যাকসিন (ওসিভি) ক্যাম্পেইন-২০২৬-এর সমন্বয় ও অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, করিমগঞ্জে ৩ লাখ ৩৮ হাজার ৪৮১ জন, হোসেনপুরে ২ লাখ ৭ হাজার ১৪১ জন এবং তাড়াইলে ১ লাখ ৭৯ হাজার ৫১৬ জনকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
প্রথম ডোজ ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত দিনগুলোতে স্কুলে টিকা দেওয়া হবে। অন্য দিনগুলোতে সব বয়সী মানুষকে টিকার আওতায় আনা হবে।
আগামী ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম উদ্বোধন করবেন। এ সময় জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনী কার্যক্রমের জন্য করিমগঞ্জে চর দেহঙ্গা কমিউনিটি ক্লিনিক ও জ্ঞান সিঁড়ি স্কুল, হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তাড়াইলে দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা নিতে হলে আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর দেওয়া কার্ডটি পরবর্তী সময়ে হেলথ কার্ড হিসেবে বিবেচিত হবে। গর্ভবতী নারীরা এ টিকার আওতায় থাকবেন না।
তিন উপজেলার প্রতিটি ওয়ার্ডে তিনটি করে টিম টিকা কার্যক্রমে কাজ করবে। করিমগঞ্জের ১১ ইউনিয়নের ৩৩টি, হোসেনপুরের ছয় ইউনিয়নের ১৮টি এবং তাড়াইলের সাত ইউনিয়নের ২১টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আজিজুল হক তানজিল এবং ইউনিসেফের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। টিকা কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউনিসেফের ইপিআই বিশেষজ্ঞ ডা. তরিকুল ইসলাম।
সভায় টিকা কার্যক্রম সফল করতে সংবাদমাধ্যম, ধর্মীয় নেতা, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩ ঘণ্টা আগে