
রাজশাহীতে আমনের ভরা মৌসুমেও সারের সংকট কাটছে না। চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষকেরা এক ডিলারের দোকান থেকে আরেক ডিলারের দোকানে ছুটছেন। কোনো কোনো ডিলারের দোকান সারা দিন বন্ধ থাকায় বারবার ঘুরেও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। অভিযোগের পর বদলি, অভিযান ও তদন্ত কমিটি গঠিত হলেও আজ রোববার পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি।
সারের সংকট ও ডিলারদের অব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে গতকাল শনিবার রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন শরীয়তপুরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।
আজ সকালে রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় বিসিআইসি সার ডিলার আব্দুল গাফফারের ‘মেসার্স মুনলাইট কৃষি বিতান’ বিক্রয়কেন্দ্রে গিয়ে কয়েকজন কৃষক সেটি বন্ধ পান। ডিলারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি রাজশাহীর বাইরে অবস্থান করছেন। পরে তিনি তাঁর ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ব্যবস্থাপককে ফোন করা হলে তিনি বাজারে থাকার কথা জানান।
সার কিনতে সেখানে গিয়েছিলেন নতুন কসবা গ্রামের কৃষক গোলাম পাঞ্জাতন। তিনি জানান, এবার ১১ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। অথচ এখন পর্যন্ত জমিতে এক ছটাক সারও দিতে পারেননি। ওই বিক্রয়কেন্দ্রে গত তিন দিন গিয়েও তাঁকে সার ছাড়াই ফিরে আসতে হয়েছে। রোববারও দোকান বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যান তিনি।
আলীমগঞ্জ গ্রামের কৃষক বেলাল হোসেন জানান, সাড়ে ছয় বিঘা জমিতে আমন ধান চাষ করলেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। ওই বিক্রয়কেন্দ্রে আগেও গিয়ে ব্যর্থ হয়ে পরে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের ডিলার নজরুল ইসলামের বিক্রয়কেন্দ্রে যান।
সেখানে সার নিতে আসা গোদাগাড়ীর চাপাল গ্রামের কৃষক আতাউল হোসেন বলেন, ‘চার বিঘা জমিতে এখনো সার দিতে পারিনি। সাধারণত রাজাবাড়ি এলাকার এক ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করি। কিন্তু এবার সেখান থেকেও সার পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে এলাকার অন্য ডিলারের কাছে যাই। তারপরও সার মিলছে না। কেবল ভোগান্তিই সারা।’
রাজশাহীতে সারের সংকট ও অনিয়ম নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর নজরদারি ও অভিযান বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার একই দিনে চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপপরিচালক মো. খালেদুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটির সদস্য করা হয় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মিতা সরকার এবং তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদকে। কমিটি শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। তবে প্রতিবেদনের সুপারিশ বা পর্যবেক্ষণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে রোববার দুপুর ৩টায় তাঁর অফিসে গেলেও তাঁকে পাওয়া যায়নি। সেখানে উপপরিচালক সাবিনা বেগম ও মনিটরিং ও মূল্যায়ন অফিসার আহসান হাবিব খাঁ-ও ছিলেন না। কর্মচারীরা জানান, তাঁরা সবাই দুপুরে বাসায় খেতে গেছেন। বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করেও তাঁদের দেখা পাওয়া যায়নি।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সার সংকট নিয়ে তদন্ত প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি। যে ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে, তিনি বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকে সার সংগ্রহ করেছিলেন। সংশ্লিষ্ট ডিলারদের জরিমানা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে যাতে সারের সংকট আরও তীব্র না হয়, সে জন্য বাড়তি সার চাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২০ মিনিট আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
৩২ মিনিট আগে